প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ শুরু হতেই চরম উত্তেজনা। বুথের ভেতর থেকে পোলিং এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল এলাকা। খবর পেয়েই রুদ্রমূর্তি ধারণ করে সরাসরি ময়দানে নামলেন বিজেপি প্রার্থী শুভেন্দু। জমায়েত সরাতে তাঁকে অভিযুক্তদের তাড়া করতেও দেখা যায়, যা দেখে কার্যত থমথমে পুরো এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।

আজ সকালে ভোট শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই অভিযোগ ওঠে, কুমারগঞ্জ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চালুন এলাকার ৩৮/২৮ নম্বর বুথ এবং বানিহারী বুথে বিজেপির পোলিং এজেন্টদের বসতে বাধা দেওয়া হচ্ছে। খবর পাওয়া মাত্রই সেখানে পৌঁছে যান বিজেপি প্রার্থী শুভেন্দু সরকার। বুথের ভেতর তৃণমূল প্রতিনিধিদের সাথে তাঁর তীব্র বাদানুবাদ শুরু হয়, যা মুহূর্তের মধ্যে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি করে।

প্রার্থীর দাবি, কেন্দ্রীয় বাহিনীর নজর এড়িয়েই তাঁর এজেন্টদের ভয় দেখিয়ে বুথ থেকে বের করে দেওয়া হয়েছে। অভিযোগ, কয়েকজনকে মারধরও করা হয়েছে। বুথের ১০০ মিটারের মধ্যে থাকা বেআইনি জমায়েত দেখে ক্ষোভে ফেটে পড়েন শুভেন্দু সরকার। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং বহিরাগতদের হঠাতে তিনি নিজেই তাদের তাড়া করেন বলে জানা গেছে।

বিপরীতে স্থানীয় তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, বিজেপি প্রার্থী অকারণে বুথের ভেতরে ঢুকে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন এবং এলাকায় অশান্তি ছড়াচ্ছেন। বিজেপির তোলা পোলিং এজেন্ট সংক্রান্ত সমস্ত অভিযোগকে তারা ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে।