প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
যে পরিস্থিতি তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে, তাতে আদৌ সময়ের মধ্যে ভোট হবে কিনা, সেটাই একটা লাখ টাকার প্রশ্ন। যেভাবে এসআইআর প্রক্রিয়ায় তৃণমূল কংগ্রেস প্রতি সময় বাধাদান করার চেষ্টা করেছে এবং পরবর্তীতে সেই বাধাকে উপেক্ষা করে প্রকাশিত হয়ে গিয়েছে চূড়ান্ত ভোটার লিস্ট, তারপরেও এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চাইছে। অনেকের মধ্যেই সংশয় ছিল যে, নির্দিষ্ট সময়ের মধ্যে হয়ত পশ্চিমবঙ্গে ভোট ঘোষণা হবে না। রাষ্ট্রপতি শাসনেই হয়ত ভোট হতে পারে। এক্ষেত্রে ভোট অনেকটাই পিছিয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা গিয়েছিল। কিন্তু এই মুহূর্তের পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে যে, আগামী সপ্তাহের একেবারে শুরুতেই বাংলার ভোটের নির্ঘণ্ট ঘোষণা করতে চলেছে নির্বাচন কমিশন।
প্রসঙ্গত, সম্প্রতি রাজ্যে এসেছিল নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। দফায় দফায় বৈঠক করেছে তারা। বিভিন্ন রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকের পাশাপাশি জেলা প্রশাসন এবং রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গেও বৈঠক করেছে কমিশনের ফুল বেঞ্চ। আর সেই বৈঠকে বারবার করে একটা বিষয় স্পষ্ট করে দেওয়া হয়েছে কমিশনের পক্ষ থেকে যে, এবার শান্তিপূর্ণ, অবাধ এবং ভয়মুক্ত নির্বাচন করানোই তাদের প্রধান লক্ষ্য। স্বাভাবিক ভাবেই কমিশনের ফুল বেঞ্চ রাজ্য ছাড়ার পর থেকেই এই জল্পনা তীব্র হয় যে, তাহলে কি এবার ভোট ঘোষণা শুধুমাত্র সময়ের অপেক্ষা? অবশেষে যে খবর পাওয়া গেল, তাতে খুব তাড়াতাড়ি বাংলায় ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতে চলেছে।
সূত্রের খবর, আগামী ১৬ মার্চ রাজ্যের বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করতে চলেছে নির্বাচন কমিশন। যেখানে দিল্লি থেকে এই ঘোষণা করবেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার। শুধু বাংলা নয়, আরও পাঁচ রাজ্যের যে আসন্ন বিধানসভা নির্বাচন রয়েছে, একই সাথে সেই নির্ঘণ্টও ঘোষণা করা হবে বলে খবর পাওয়া যাচ্ছে। সব মিলিয়ে আগামী সপ্তাহের একেবারে শুরুতেই রাজ্যে পাকাপাকিভাবে বেজে যেতে চলেছে ভোটের দামামা।