প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-ভোটের লড়াই শেষ, এবার শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণের পালা। বাংলার মসনদ কার দখলে যাবে, তা নিয়ে যখন রাজ্যজুড়ে কোটি কোটি মানুষ উত্তেজনায় ফুটছেন, ঠিক তখনই সামনে এল ‘চাণক্য স্ট্র্যাটেজিস’ (Chanakya Strategies)-এর বুথ ফেরত সমীক্ষা। তাদের দেওয়া তথ্যে বাংলা জয়ের লড়াইয়ে এক নতুন সমীকরণের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যা শাসক ও বিরোধী দুই শিবিরের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।

চাণক্য স্ট্র্যাটেজিসের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, বিজেপি সরকার গড়ার জন্য প্রয়োজনীয় ম্যাজিক ফিগার (১৪৮) স্পর্শ করার দৌড়ে তৃণমূলের থেকে কিছুটা এগিয়ে। তাদের সম্ভাব্য পরিসংখ্যান বলছে: বিজেপি (BJP): ১৫০ থেকে ১৬০টি আসন। তৃণমূল কংগ্রেস (TMC+): ১৩০ থেকে ১৪০টি আসন।

চাণক্যের এই সমীক্ষাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ তারা দুই প্রধান রাজনৈতিক দলের মধ্যে খুব বেশি ব্যবধান রাখেনি। সমীক্ষা অনুযায়ী, বিজেপি যদি ১৬০ টি আসন পায়, তবে তারা অনায়াসেই নবান্ন দখল করবে। কিন্তু অন্যদিকে, তৃণমূল কংগ্রেস যদি তাদের ঊর্ধ্বসীমা অর্থাৎ ১৪০ টি আসন স্পর্শ করে, তবে সরকার গড়ার লড়াই একবারে শেষ মুহূর্ত পর্যন্ত টানটান উত্তেজনায় পৌঁছে যাবে। অর্থাৎ, বাংলার জনমত যে এবার বেশ বিভক্ত এবং লড়াই যে একেবারে সমানে-সমানে, চাণক্যের রিপোর্টে সেই ইঙ্গিতই স্পষ্ট।

তবে এই প্রতিবেদনটি সম্পূর্ণভাবে ‘চাণক্য স্ট্র্যাটেজিস’-এর দেওয়া প্রাথমিক তথ্যের ওপর ভিত্তি করে তৈরি। এটি কোনোভাবেই নির্বাচনের চূড়ান্ত ফলাফল নয়। ভোটারদের মতামতের ওপর ভিত্তি করে এটি একটি গাণিতিক সম্ভাবনা মাত্র। ৪ মে ভোটগণনার দিনই পরিষ্কার হবে আসল সত্য। জনতা জনার্দন ইভিএম-এ কাকে আশীর্বাদ করেছেন, তা জানতে আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা।