প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বিধানসভা নির্বাচনের দামামা এখনও না বাজলেও বিজেপির রাজ্য নেতৃত্ব তো বটেই, কেন্দ্রীয় নেতৃত্বের তৎপরতাও বুঝিয়ে দিচ্ছে যে, ভোট আসছে। বিহার জয়ের দিনেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট করে দিয়েছিলেন যে, এবার তাদের একমাত্র টার্গেট, বঙ্গ জয়। দফায় দফায় বৈঠক হয়েছে। এমনকি সম্প্রতি রাজ্যে এসে তাহেরপুরের সভায় সশরীরে উপস্থিত হতে না পারলেও ভার্চুয়ালি বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর প্রধানমন্ত্রীর পরেই এবার রাজ্যে আসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

প্রধানমন্ত্রী যেদিন বাংলায় এসেছিলেন, সেদিনই খবর পাওয়া যায় যে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও এবার বঙ্গ সফর করতে চলেছেন। তবে পাকাপাকি খবর না আসা পর্যন্ত সেই ভাবে কেউই নিশ্চিত ছিলেন না। তবে এবার এই ব্যাপারে চূড়ান্ত খবর সামনে চলে এলো। যেখানে আগামী ৩০ ডিসেম্বর রাজ্যে আসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আর এই খবর সামনে আসার পরেই উজ্জীবিত বিজেপি নেতাকর্মীরা।

কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যে এসে কি কোনো জনসভা করবেন? প্রকাশ্য সভা থেকে কি কোনো বার্তা দেবেন? নাকি দলীয় নেতা কর্মীদের নিয়ে ২৬ এর রোডম্যাপ তৈরি করবেন তিনি? যতদূর খবর পাওয়া যাচ্ছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবার কোনো জনসভা করবেন না। এক্ষেত্রে নির্বাচনের আগে দল কোন পথে চলবে, কিভাবে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করবে দল, তার স্ট্র্যাটেজি ঠিক করে দিতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এক্ষেত্রে দলের রাজ্য নেতৃত্বের সঙ্গে গোপন বৈঠক করার কথা রয়েছে তার। আর তারপরেই সাংবাদিক সম্মেলন করবেন অমিত শাহ।