প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-বাঁকুড়ায় আব্দুল হাফিজ নামের এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। মৃত আব্দুল হাফিজের শোকার্ত পরিবারের পাশে দাঁড়াতে এবং তাঁদের আইনি ও সামাজিক লড়াইয়ে সাহায্য করতে এবার সরাসরি বাঁকুড়া সফরে আসছেন মানবাধিকার সংগঠন CJP (Citizens for Justice and Peace)-এর প্রতিনিধি দল।আজ, ১৭ আগস্ট ২০২৬ (সোমবার) CJP-র আন্দোলনের সঙ্গে যুক্ত সমাজকর্মী অভিজিৎ দীপক এবং আশুতোষ রাঙ্কা তাঁদের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে এই সফর সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ পোস্ট করেন। সোশ্যাল মিডিয়ার সেই পোস্টে দাবি করা হয়েছে, আব্দুল হাফিজ স্থানীয় একটি সরকারি স্কুলের খোঁজখবর নিতে গিয়েছিলেন। সেখানে রাজনৈতিক আক্রোশের জেরে বিজেপির দুষ্কৃতীদের মারধরে তাঁর বাবার মৃত্যু হয়েছে বলে পরিবারের তরফে গুরুতর অভিযোগ তোলা হয়েছে।
আব্দুল হাফিজের পরিবার যাতে সঠিক আইনি সহায়তা ও ন্যায়বিচার পায়, তা সুনিশ্চিত করতে মাঠে নামছে CJP নেতৃত্ব। সোশ্যাল মিডিয়া পোস্টে জানানো হয়েছে, খুব শীঘ্রই অঙ্কিত, সুধীর-সহ CJP-র একঝাঁক প্রতিনিধি ও মানবাধিকার কর্মী বাঁকুড়ায় আব্দুলের বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সঙ্গে দেখা করবেন এবং তাঁদের পাশে দাঁড়াবেন। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাতে এবং ক্ষতিগ্রস্ত পরিবারের মানবাধিকার সুনিশ্চিত করতে CJP-র পক্ষ থেকে পশ্চিমবঙ্গের সমস্ত সমর্থকদের উদ্দেশে একটি বিশেষ আহ্বান জানানো হয়েছে।
সংগঠনের তরফে বলা হয়েছে, “আমরা পশ্চিমবঙ্গের সমস্ত CJP সমর্থকদের এই কঠিন সময়ে আব্দুল হাফিজের পরিবারের পাশে দাঁড়াতে বাঁকুড়ায় আসার আহ্বান জানাচ্ছি।” এই ঘটনার পর শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বাঁকুড়া জেলা প্রশাসন ও পুলিশ কড়া নজরদারি চালাচ্ছে।