প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-সময় বদলেছে, আর সেই বদলের হাত ধরেই এবার বিশ্বমানচিত্রে এক নতুন ইতিহাসের সাক্ষী হতে চলেছে তিলোত্তমা কলকাতা। স্বাধীনতার পর এই প্রথমবার, ভারতের অন্যতম মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক সম্মেলন— ১৯তম প্রবাসী ভারতীয় দিবস (Pravasi Bharatiya Divas)-এর রাজকীয় আসর বসতে চলেছে বাংলার মাটিতে। আর সেই ঐতিহাসিক মহাযজ্ঞের প্রাক্কালে বুধবার রাজধানীর বুকে দাঁড়িয়ে গোটা বিশ্বের প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে লাল গালিচা বিছিয়ে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার (১১ নভেম্বর ২০২৬) বিকেল ৪টে নাগাদ নয়াদিল্লির সুষমা স্বরাজ ভবনের চাণক্য হলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে কেন্দ্রীয় বিদেশমন্ত্রী ড. এস জয়শঙ্কর এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যৌথভাবে এই মেগা কনভেনশনের অফিসিয়াল ওয়েবসাইট (pbdindia.gov.in) লঞ্চ করেন। আগামী ৭ থেকে ৯ জানুয়ারি ২০২৭— টানা তিন দিন ধরে বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা প্রবাসী ভারতীয়দের মিলনমেলায় মুখরিত হয়ে উঠবে সিটি অফ জয়।

এদিন দিল্লির মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কণ্ঠে ঝরে পড়ে আত্মবিশ্বাস আর গর্বের সুর। প্রবাসীদের আমন্ত্রণ জানিয়ে তিনি স্পষ্ট ভাষায় বলেন, “কলকাতায় আসুন প্রবাসী ভারতীয়রা। প্রবাসী ভারতীয়দের কনভেনশনের আয়োজনে সম্পূর্ণ প্রস্তুত পশ্চিমবঙ্গ। বিকশিত ভারতের লক্ষ্যে দ্রুত গতিতে এগিয়ে চলেছে পশ্চিমবঙ্গ।” মুখ্যমন্ত্রী জানান, এই আন্তর্জাতিক সম্মেলনকে সফল করতে ইতিমধ্যেই যুদ্ধকালীন তৎপরতায় প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য প্রশাসন। রাজ্যের স্বরাষ্ট্র দফতরকে (Home Department) নোডাল ডিপার্টমেন্ট করে মোট ১৪টি ওয়ার্কিং কমিটি গঠন করা হয়েছে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে আশ্বস্ত করে শুভেন্দু অধিকারী বলেন, পরিকাঠামো থেকে শুরু করে আতিথেয়তা— পশ্চিমবঙ্গের কাছে সবই রয়েছে। এবার নতুন সরকারের হাত ধরে বাংলা সেই বিশ্বমানের সক্ষমতা গোটা দুনিয়ার সামনে তুলে ধরতে প্রস্তুত।

প্রবাসী ভারতীয়রা যাতে কেবল সম্মেলনেই সীমাবদ্ধ না থেকে বাংলার শিল্প, সংস্কৃতি ও আধ্যাত্মিক ঐতিহ্যকে কাছ থেকে অনুভব করতে পারেন, তার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। এদিন নতুন চালু হওয়া পোর্টালে রাজ্যের তরফে থাকা-খাওয়া, হোটেল ও হোম-স্টে, যাতায়াত ব্যবস্থা এবং বিশেষ ট্যুরিজম প্যাকেজের যাবতীয় তথ্য যুক্ত করার কথা জানান মুখ্যমন্ত্রী।
প্রবাসীদের উদ্দেশ্যে তিনি বলেন, “পশ্চিমবঙ্গে আসুন, কলকাতায় থাকুন। কলকাতা আনন্দের শহর (City of Joy), এটি স্বামী বিবেকানন্দের জন্মভূমি। আপনারা কালীঘাট মন্দির ও দক্ষিণেশ্বর মন্দির দর্শন করুন।” পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘কম কথা, বেশি কাজ’ (Less talk, more work) নীতিকে পাথেয় করেই এই সম্মেলনকে সর্বকালের সেরা করে তোলার অঙ্গীকার করেন তিনি।

দীর্ঘ ৪৯ বছর পর কেন্দ্র ও রাজ্যে উন্নয়নের এই অভূতপূর্ব সমন্বয় যে বাংলার ভাগ্য বদলে দিচ্ছে, তা এদিন স্পষ্ট হয়ে যায়। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর মুক্তকণ্ঠে কলকাতার ঐতিহাসিক গুরুত্বের কথা স্মরণ করেন। তিনি জানান, প্রবাসী ভারতীয়রা হলেন ভারত ও বিশ্বের মধ্যে এক ‘জীবন্ত সেতু’ (Living Bridge)। একসময় এই কলকাতার বন্দর থেকেই হাজার হাজার ভারতীয় মরিশাস, ফিজি এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে পাড়ি দিয়েছিলেন— সঙ্গে নিয়ে গিয়েছিলেন ভারতের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য। তাই শিকড়ের টানে প্রবাসীদের ঘরে ফেরার জন্য কলকাতার চেয়ে উপযুক্ত স্থান আর কিছু হতে পারে না। এদিন ওয়েবসাইট লঞ্চের পাশাপাশি প্রবাসীদের ভারতের ইতিহাস ও ঐতিহ্যের সাথে জুড়তে ‘ভারত কো জানিয়ে’ (Bharat Ko Janiye) নামক একটি বিশেষ ডিজিটাল কুইজেরও (bkjquiz.com) সূচনা করা হয়েছে। আগামী ৭ জানুয়ারি যুব প্রবাসী ভারতীয় দিবসের মাধ্যমে শুরু হওয়া এই মহাযজ্ঞের মূল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ৯ জানুয়ারি সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।