প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-জঙ্গলমহলের লাল মাটিতে দাঁড়িয়ে যেন এক নতুন ইতিহাসের সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভগবান বীরসা মুণ্ডার ১৫১তম জন্মজয়ন্তী তথা ‘জনজাতি গৌরব দিবস’ উপলক্ষে রবিবার ঝাড়গ্রামের বেলপাহাড়ির সাহাড়িতে আয়োজিত সরকারি মঞ্চ থেকে তিনি কেবল উন্নয়নের জোয়ারই আনলেন না, বরং পূর্বতন তৃণমূল জমানার বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে বুঝিয়ে দিলেন—বদলের বাংলায় আর ভাঁওতাবাজির রাজনীতি চলবে না।
প্রশাসনিক দক্ষতা কাকে বলে, তা রবিবার আরও একবার প্রমাণ করে দিলেন মুখ্যমন্ত্রী। অতীতে যেখানে শুধুমাত্র গুটিকয়েক মানুষের হাতে প্রতীকী কিছু তুলে দিয়ে ক্যামেরার ফ্ল্যাশবাল্ব ঝলসানো হতো, সেখানে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী তৈরি করলেন এক নজির। গোটা রাজ্যের ৭৭০ জন আদিবাসী মানুষের হাতে এদিন সরাসরি জমির মালিকানা বা পাট্টা তুলে দিল রাজ্য সরকার। মঞ্চ থেকে অত্যন্ত দৃপ্ত কণ্ঠে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, “আজ কেবল প্রতীকী হিসেবে পাঁচজনকে নয়, গোটা রাজ্যের ৭৭০ জন আদিবাসীর হাতে জমির মালিকানা তুলে দেওয়া হলো। আমাদের সরকার রাজ্যের সমস্ত যোগ্য আদিবাসীকে তাঁদের ন্যায্য জমির অধিকার দেবে।” এই কাজ যাতে লাল ফিতের ফাঁসে আটকে না থাকে, তার জন্য দিন কয়েক আগেই বন, ভূমি এবং আদিবাসী উন্নয়ন দফতরের আধিকারিকদের সঙ্গে জরুরি বৈঠক সেরে প্রশাসনিক চাকায় গতি এনেছেন তিনি। পাশাপাশি ঝাড়গ্রাম জেলায় ৫১টি প্রকল্পের উদ্বোধন এবং ১৩৭টি নতুন প্রকল্পের শিলান্যাস করে জঙ্গলমহলের পরিকাঠামোগত উন্নয়নের এক বিশাল রূপরেখা এঁকে দিলেন তিনি।
জনজাতি সমাজের প্রতি প্রকৃত সম্মান আর লোকদেখানো আবেগের পার্থক্য কোথায়, তা বোঝাতে গিয়ে এদিন পূর্বতন জমানাকে কার্যত তুলোধোনা করেন মুখ্যমন্ত্রী। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না করেই উত্তরবঙ্গ সফরের পুরনো প্রসঙ্গ টেনে শুভেন্দু অধিকারী কটাক্ষের সুরে বলেন, “আগের মুখ্যমন্ত্রী লোকশিল্পীদের সঙ্গে হাত মিলিয়েছিলেন গ্লাভস পরে!”
রাজনৈতিক মহলের মতে, শুভেন্দু অধিকারীর এই একটি বাক্যই পূর্বতন সরকারের ‘আদিবাসী প্রেম’-এর আসল চেহারাটা মানুষের সামনে বেআব্রু করে দিয়েছে। শুধু তাই নয়, দেশের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি মনে করিয়ে দেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন একজন জনজাতি কন্যাকে দেশের সর্বোচ্চ পদে বসাচ্ছেন, তখন তৎকালীন বাংলার শাসকদল তার বিরোধিতা করেছিল। অথচ বর্তমান রাজ্য মন্ত্রিসভায় রেকর্ড সংখ্যক আদিবাসী বিধায়ক স্থান পেয়েছেন, যা জনজাতি সমাজের প্রকৃত ক্ষমতায়নের প্রমাণ।
পূর্বতন তৃণমূল সরকারের আমলে আদিবাসীদের অধিকার কীভাবে লুণ্ঠিত হয়েছে, এদিন তারও একটি বিস্ফোরক খতিয়ান তুলে ধরেন মুখ্যমন্ত্রী। সরাসরি অভিযোগ তুলে তিনি বলেন, “আদিবাসীদের নামে ভুয়ো এসটি (ST) সার্টিফিকেট দিয়েছিল আগের সরকার!” তবে বর্তমান প্রশাসন যে কেবল অভিযোগ করেই থেমে থাকে না, তাও স্পষ্ট করে দিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি জানান, ঝাড়গ্রামে পা রাখার আগেই তাঁর প্রশাসন কড়া পদক্ষেপ নিয়ে ৭৩টি ভুয়ো এসটি সার্টিফিকেট চিহ্নিত করে বাতিল করে দিয়েছে। ভবিষ্যতে আর একজনও অযোগ্য ব্যক্তি যাতে ভুয়ো শংসাপত্র হাতিয়ে আদিবাসীদের চাকরি ও অধিকার কেড়ে নিতে না পারে, সে বিষয়ে জিরো টলারেন্স নীতি নিয়েছে নবান্ন।
এদিনের সভা থেকে কেবল জমির পাট্টাই নয়, রাজ্য জুড়ে ৮ হাজার মাঝি বাবাকে সংবর্ধনা জানানো, ঝাড়গ্রামের প্রতিটি ঘরে পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়া এবং পিছিয়ে পড়া শবর সম্প্রদায়ের সার্বিক উন্নয়নের জন্য বিশেষ সরকারি প্রকল্পের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। সব মিলিয়ে, বীরসা মুণ্ডার ১৫১তম জন্মজয়ন্তীতে ঝাড়গ্রামের মাটি থেকে শুভেন্দু অধিকারী যে বার্তা দিলেন, তা একদিকে যেমন প্রশাসনিক দক্ষতা ও মানবিকতার মেলবন্ধন, অন্যদিকে তেমনই পূর্বতন জমানার দুর্নীতি ও দ্বিচারিতার বিরুদ্ধে এক জোরালো চপেটাঘাত।