প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-রাজনীতির আঙিনায় চমকপ্রদ ও তাৎপর্যপূর্ণ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের শহিদ স্মরণ মঞ্চ থেকে নাম না-করে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের ব্যক্তিগত সততার ভূয়সী প্রশংসা করলেন তিনি। তবে ব্যক্তির প্রশংসা করলেও তৎকালীন শাসকদল সিপিএম-কে তীব্র ভাষায় আক্রমণ করতে ছাড়েননি মুখ্যমন্ত্রী। মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) নন্দীগ্রামের গোকুলনগরে ২০০৭ সালের ‘অপারেশন সূর্যোদয়’-এর ১৯তম বর্ষপূর্তিতে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির (BUPC) ব্যানারে আয়োজিত শহিদ স্মরণ সভায় বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেন শুভেন্দু অধিকারী।

২০০৭ সালের ১০ নভেম্বরের উত্তাল দিনগুলির প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, “আমি শ্রদ্ধা জানাই, নাম বলব না, তিনি প্রয়াত হয়েছেন। ওই মুখ্যমন্ত্রী নিজের ব্যক্তিগত জীবনে খুব সৎ ছিলেন। কিন্তু দলটা খারাপ ছিল।” এর পাশাপাশি তিনি জানান, কিছুদিন আগে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীর সহধর্মিনী (মীরা ভট্টাচার্য) অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে তিনি তাঁকে দেখতেও গিয়েছিলেন। তবে বুদ্ধদেব ভট্টাচার্যের ব্যক্তিগত সততার প্রশংসা করলেও সেদিনের ‘দে হ্যাভ বিন পেইড ব্যাক বাই দেয়ার ওউন কয়েন’ মন্তব্যের কথা মনে করিয়ে দেন শুভেন্দু। একইসঙ্গে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে নিশানা করে তিনি বলেন, অশীতিপর বিমানবাবু এখনও জীবিত রয়েছেন এবং ২০০৭ সালের ১০ নভেম্বর তিনিই বলেছিলেন নন্দীগ্রামে নতুন সূর্য উঠেছে।

এদিনের সভা থেকে নন্দীগ্রাম আন্দোলনের বিচার নিয়ে অত্যন্ত কড়া অবস্থান নেন মুখ্যমন্ত্রী। তিনি দাবি করেন, নন্দীগ্রাম আন্দোলনের শহিদ ও নিখোঁজ পরিবারগুলি এখনও পূর্ণাঙ্গ ন্যায়বিচার পায়নি। শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, ভুক্তভোগী পরিবারগুলি যদি নতুন করে থানায় এফআইআর (FIR) দায়ের করে, তবে তাঁর প্রশাসন নন্দীগ্রাম, খেজুরি এবং গড়বেতার পুরনো মামলাগুলি পুনরায় খুলে (Reopen) দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেবে।

বাম আমলের পাশাপাশি বিগত ১৫ বছরের তৃণমূল শাসনকালকেও এদিন নিশানা করেন শুভেন্দু। তাঁর অভিযোগ, নন্দীগ্রামের জমি আন্দোলনে তৃণমূলের কোনো ভূমিকা ছিল না, সম্পূর্ণ লড়াই করেছিল ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি। এমনকি বিগত সরকার ১৫ বছর ক্ষমতায় থেকেও শহিদ পরিবারগুলিকে ঠিকমতো ডেথ সার্টিফিকেট পর্যন্ত দেয়নি বলে তোপ দাগেন তিনি।

নন্দীগ্রামের মাটি থেকে মুখ্যমন্ত্রীর মুখে বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা ঘিরে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে জোর চর্চা। এই প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, বুদ্ধদেববাবুকে কেউ কখনও অসৎ বলেননি, তবে ব্যক্তি বুদ্ধদেব ভট্টাচার্য এবং সিপিএম দলকে আলাদা করে দেখা সম্ভব নয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, একদিকে প্রয়াত বাম নেতার ব্যক্তিগত ভাবমূর্তিকে সম্মান জানিয়ে এবং অন্যদিকে সিপিএম ও তৃণমূল—উভয় শিবিরকেই আক্রমণ করে নন্দীগ্রামের মঞ্চ থেকে অত্যন্ত সুকৌশলী রাজনৈতিক বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।