প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সিপিএমের প্রতিকুর রহমান ইতিমধ্যেই তার দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন। গতকাল একাধিক সংবাদ মাধ্যমকে নিজে প্রতিক্রিয়া দিয়েছেন। আর তাতেই স্পষ্ট যে, তিনি এবার বাম ত্যাগ করে বড় কোনো দলে যোগ দিচ্ছেন। বেশিরভাগ মহলেই জল্পনা ছড়িয়েছে যে, তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিতে পারেন। তবে কি করবেন প্রতিকূর রহমান, এখনও পর্যন্ত স্পষ্ট নয়। আর তার মধ্যে আজ আদর্শকে আপাতত সরিয়ে রেখে তৃণমূলের বিকল্প যে একমাত্র বিজেপি এবং তৃণমূলকে সরাতে হলে যে বিজেপিতেই আসতে হবে, সেই কথা বলে প্রতিকূর রহমানকে গেরুয়া শিবিরে স্বাগত জানালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।

২৬ এর বিধানসভা নির্বাচনের আগে বামেদের অন্দরমহলে রীতিমত ঝড় উঠেছে। এমনিতেই তো সিপিএম শূন্য। এবারেও বিধানসভা নির্বাচনে তারা যে খাতা খুলতে পারবে না, সেই ব্যাপারে নিশ্চিত রাজনৈতিক বিশেষজ্ঞরা। মূল লড়াই যে তৃণমূল এবং বিজেপির মধ্যেই হবে, এই সম্পর্কে কোনো সন্দেহ নেই। আর রাজ্যের সিংহভাগ মানুষের সমর্থন যে এবার পরিবর্তনের পক্ষে যাবে, সেই ব্যাপারেও নিশ্চিত একাংশ। আর এই পরিস্থিতিতে প্রতিকুর রহমান বাম ত্যাগ করে যে অন্য কোনো দলে যোগ দিচ্ছেন, তা স্পষ্ট। বেশিরভাগ মহলেরই ধারণা যে, তিনি বিজেপিতে নয় তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত হবেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি কি করবেন, তা দেখার অপেক্ষা। আর তার মধ্যেই এবার বড় মন্তব্য করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।

এদিন এই ব্যাপারে সাংবাদিকদের মুখোমুখি হন বিজেপি নেতা দিলীপ ঘোষ। আর সেখানেই প্রতিকুর রহমানকে নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “সিপিএমের অস্বস্তি তো আরও বাড়বে। যে নৌকো ডুবে যাচ্ছে, যে জাহাজ ডুবে যাচ্ছে, সেখানে কে থাকবে? আর পাশে এত বড় জাহাজ দাঁড়িয়ে আছে বিজেপির। আসুন লাফ মেরে। আরে পরিবর্তন করি বাংলার। তারপরে আপনি আপনার আদর্শ নিয়ে থাকুন।” অর্থাৎ পরিবর্তনের লক্ষ্যে এখন যে সকলকেই বিজেপিতে যুক্ত হতে হবে, সেই বিষয়টি উল্লেখ করে প্রতিকূরকে গেরুয়া শিবিরে যুক্ত হওয়ার আহ্বান জানালেন দিলীপ ঘোষ। এখন এই ব্যাপারে প্রতিকূর রহমান কি বলেন, সেদিকেই নজর থাকবে সকলের।