প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-আসন্ন উৎসবের মরসুমের আগেই দক্ষিণ ২৪ পরগনার বাজি বাজারে বড়সড় ধাক্কা দিল প্রশাসন। গতরাতে ডায়মন্ড হারবার জেলা পুলিশের উদ্যোগে মহেশতলা ও বজবজের বাজি বাজারে একটি বিশেষ অভিযান চালানো হয়। এই আকস্মিক অভিযানে বাজি বাজার এবং তার সংলগ্ন এলাকা থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি ও বাজি তৈরির বিপজ্জনক মশলা উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পরিবেশ আদালতের নির্দেশিকাকে অমান্য করে মহেশতলা ও বজবজ থানা এলাকার কিছু জায়গায় ক্ষতিকারক ও অতি উচ্চ ডেসিবেলের নিষিদ্ধ বাজি মজুত করা হচ্ছিল বলে খবর আসে। এই খবর পাওয়ার পরেই ডায়মন্ড হারবার জেলা পুলিশের শীর্ষ কর্তাদের নির্দেশে গতরাতে মহেশতলা ও বজবজ থানার পুলিশ যৌথভাবে এলাকায় তল্লাশি অভিযান শুরু করে। বাজি বাজারের একাধিক গুদাম এবং সন্দেহভাজন আস্তানায় একযোগে হানা দেয় পুলিশের বিশেষ টিম।

রাতের এই অভিযানে পুলিশ একের পর এক বস্তা ও কার্টন ভর্তি বেআইনি বাজি বাজেয়াপ্ত করে। পুলিশ সূত্রে অফিশিয়ালি জানানো হয়েছে, তল্লাশিতে সব মিলিয়ে প্রায় ১০০ কেজি নিষিদ্ধ বাজি এবং বাজি তৈরির নিষিদ্ধ রাসায়নিক মশলা উদ্ধার ও বাজেয়াপ্ত করা হয়েছে।

সবুজ বাজি বা গ্রিন ক্র্যাকার্স (Green Crackers) ছাড়া অন্য যেকোনো ধরনের ক্ষতিকারক বাজি তৈরি এবং বিক্রির ওপর আইনি নিষেধাজ্ঞা রয়েছে। এই বিপুল পরিমাণ নিষিদ্ধ বাজি ও মশলা কোথা থেকে আনা হয়েছিল এবং এর পেছনে কারা জড়িত, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে ডায়মন্ড হারবার জেলা পুলিশ। পুলিশ স্পষ্ট জানিয়েছে, সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং শব্দদূষণ রুখতে এই ধরনের কড়া অভিযান আগামী দিনেও জারি থাকবে।