প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-কেন্দ্রীয় মন্ত্রীর বৈঠক সেরে বের হতেই ধুন্ধুমার কাণ্ড শিল্পশহরে। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ দোলা সেনের গাড়ি ঘিরে ধরে চলল তুমুল বিক্ষোভ, দেখানো হলো কালো পতাকা এবং উঠল ‘চোর চোর’ স্লোগান। সোমবার বিকেলে এই ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনার সৃষ্টি হয় দুর্গাপুরের ইস্পাত নগরীতে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তড়িঘড়ি বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করতে হয়।
জানা গিয়েছে, সোমবার পশ্চিমবঙ্গের দুর্গাপুরের ইস্পাত নগরীর ‘দুর্গাপুর হাউসে’ কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রীর সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন তৃণমূল সাংসদ দোলা সেন। কিন্তু বৈঠক শেষ করে তিনি যখনই দুর্গাপুর হাউস থেকে বের হচ্ছিলেন, তখনই বাইরে আগে থেকে ওত পেতে থাকা বিরোধী দল বিজেপির কর্মী-সমর্থকরা তাঁর গাড়ি আটকে দেওয়ার চেষ্টা করেন। সাংসদের গাড়ি লক্ষ্য করে একের পর এক কালো পতাকা দোলাতে শুরু করেন বিজেপি কর্মীরা। একই সাথে তৃণমূলের একাংশের বিরুদ্ধে কাটমানি ও দুর্নীতির অভিযোগ তুলে সরব হন তাঁরা। তোলা হয় ‘চোর চোর’ এবং ‘গো ব্যাক’ স্লোগান। শুধু তাই নয়, বিক্ষোভের জেরে সাংসদকে লক্ষ্য করে ডিমও ছোঁড়া হয় বলে গুরুতর অভিযোগ উঠেছে।
বিক্ষোভে শামিল স্থানীয় বিজেপি কর্মী জয়দীপ বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যেই দাবি করেন, “তৃণমূল শ্রমিক সংগঠনের চোর নেতারা এখন বিজেপির গা ঘেঁষার চেষ্টা করছে। সেই কারণেই আমরা দোলা সেনকে কালো পতাকা দেখিয়েছি। উনি খারাপ তৃণমূলের সঙ্গে যুক্ত।” অন্যদিকে বিজেপির এই আচরণের তীব্র নিন্দা করেছে তৃণমূল কংগ্রেস।
রাজনৈতিক মহলের মতে, এই ঘটনার জেরে শিল্পাঞ্চলের ঘাসফুল বনাম পদ্ম শিবিরের পুরোনো সংঘাত নতুন করে মাথাচাড়া দিয়ে উঠল। সোমবার বিকেলের এই চরম বিশৃঙ্খলার পর দুর্গাপুর হাউসের বাইরের রাস্তায় নিরাপত্তা আরও জোরদার করেছে পুলিশ প্রশাসন।