প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-উত্তরবঙ্গগামী ট্রেনের যাত্রীদের জন্য অত্যন্ত স্বস্তির খবর শোনাল পূর্ব রেলওয়ে। মালদহ ডিভিশনের নিউ ফারাক্কা স্টেশনের কাছে ভারী বৃষ্টির জেরে রেললাইনের নিচের মাটি ধসে যাওয়ায় গত দুদিন ধরে ট্রেন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছিল। তবে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, হাওড়া এবং শিয়ালদহ থেকে উত্তরবঙ্গগামী সমস্ত ট্রেন এই মুহূর্তে পুরোপুরি বাতিল বা ক্যানসেল করা হচ্ছে না।
যুদ্ধকালীন তৎপরতায় ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের কাজ শেষ করে আজ, ৫ সেপ্টেম্বর (শনিবার) বিকেল থেকেই পরিষেবা ধীরে ধীরে স্বাভাবিক করার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। পূর্ব রেল জানিয়েছে, লাইনে ধসের কারণে গত দুদিন বেশ কিছু আপ ও ডাউন ট্রেন বাতিল করতে হয়েছিল। তবে আজ শনিবার দুপুরের পর থেকে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে।
ইতিমধ্যেই আজ বিকেলে হাওড়া থেকে নিউ জলপাইগুড়িগামী (NJP) শতাব্দী এক্সপ্রেস তার নির্ধারিত সূচি মেনেই রওনা দিয়েছে, যা আটকে থাকা যাত্রীদের বড় স্বস্তি দিয়েছে।রেল আধিকারিকরা জানিয়েছেন, আগামীকাল রবিবারের হাওড়া-এনজেপি বন্দে ভারত এক্সপ্রেসও তার সঠিক সময়েই ছাড়বে বলে আশা করা হচ্ছে। রেল কর্তৃপক্ষের এই আশ্বাসের পর সপ্তাহের শেষে উত্তরবঙ্গগামী হাজার হাজার নিত্যযাত্রী ও পর্যটকদের দুশ্চিন্তা অনেকটাই কেটে গেল।