প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
রাজ্যে ইতিমধ্যেই এসআইআরের পর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হয়েছে। যারা অবৈধ ভোটার এবং যারা বাংলাদেশী মুসলমান, তাদের সকলের নামই বাদ গিয়েছে। আরও প্রায় ৬০ লক্ষ মানুষের নাম বিবেচনাধীনের তালিকায় রয়েছে। স্বাভাবিকভাবেই তার মধ্যেও প্রচুর নাম বাদ যেতে পারে বলে চর্চা চলছে। আর এতদিন এই সমস্ত অবৈধ বাংলাদেশি মুসলমানদের এই রাজ্যে ভোটার তালিকায় রেখে তৃণমূল ভোট বৈতরণী পার হয়েছে বলেই অভিযোগ করে বিজেপি। স্বাভাবিকভাবেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার পর সেই সমস্ত অবৈধ বাংলাদেশি মুসলমানদের উদ্দেশ্যে এবার চরম হুংকার দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

২৬ এর বিধানসভা নির্বাচনের আগে এখন সব থেকে বেশি আলোচনার বিষয়, এসআইআর এবং চূড়ান্ত ভোটার তালিকা। বিজেপি অনেকটাই আশাবাদী যে, এই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার পর তারা ক্ষমতায় আসবে‌। কারণ এতদিন এই ভোটার তালিকায় অনেক অবৈধ ভোটার, মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার এবং সব থেকে বড় কথা, অবৈধ বাংলাদেশি মুসলিমদের রেখে দেওয়া হয়েছিল। তাই এসআইআরের ফলে সেই সমস্ত মানুষের নাম বাদ যাওয়ার কারণে এবার চাপে পড়বে এই রাজ্যের শাসক দল বলেই দাবি করছেন বিজেপি নেতারা। তবে পরিবর্তন যদি হয় এবং এই রাজ্যের বুকে যদি বিজেপি ক্ষমতায় আসে, তাহলে তারপর কি হবে এই সমস্ত অবৈধ ভোটারদের? এবার সেই নিয়েই বড় বার্তা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা।

এদিন সন্দেশখালিতে বিজেপির পরিবর্তন যাত্রায় বক্তব্য রাখেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর সেখানেই বাংলাদেশ থেকে আসা অবৈধ মুসলিমদের কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। শুভেন্দুবাবু বলেন, “বিজেপি এপ্রিল মাসে আসবে। ৫৫০ কিলোমিটার বেড়া দেব। আর ডিপোট করব। সাতক্ষীরা চলে যা, নোয়াখালী চলে যা, খুলনা চলে যা। যেদিক দিয়ে এসেছিস, ওই রাস্তা দিয়ে পালিয়ে যা।” অর্থাৎ যারা অবৈধ বাংলাদেশি মুসলিম, যারা এতদিন এই রাজ্যের ভোটার তালিকায় ছিলো, এসআইআরের পর তাদের নাম যেভাবে বাদ গিয়েছে, এবার তাদের ফেরত পাঠানোর কাজ বিজেপি ক্ষমতায় এসে করবে বলে প্রকাশ্য সভা থেকে জানিয়ে দিলেন শুভেন্দু অধিকারী।