প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- অবশেষে কিছুক্ষণ আগেই বিজেপির পক্ষ থেকে রাজ্যের ১৪৪ টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। যে প্রার্থী তালিকায় বহু চমক রয়েছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুরেও এবার লড়াই করছেন। পাশাপাশি রাজ্যের বহু বিজেপি বিধায়ককে নিজেদের আসনেই টিকিট দেওয়া হয়েছে। যার মধ্যে অন্যতম আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। এবারে তাকে আবার সেই আসনেই প্রার্থী করেছে বিজেপি। যার ফলে বিজেপি কর্মীরা যথেষ্ট উজ্জীবিত।
২৬ এর বিধানসভা নির্বাচনে বিজেপি এমন ভাবে তাদের প্রার্থী তালিকা তৈরি করেছে, যেখানে তৃণমূলকে প্রতি পদে পদে যাতে তারা বেগ দিতে পারে। বহুদিন ধরেই এই প্রার্থী তালিকা নিয়ে আলোচনা চলছে। এমনকি ভোটের নির্ঘণ্ট ঘোষণার পরেও রাজ্য বিজেপি গতকাল বৈঠকে বসেছিল। পরবর্তীতে আজ দিল্লি পৌঁছে যান রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। কথা ছিলো যে, আগামীকাল বিজেপির পক্ষ থেকে প্রার্থী তালিকা প্রকাশ করা হতে পারে। কিন্তু বিন্দুমাত্র দেরি না করে আজই প্রার্থী তালিকা প্রকাশ করে দিলো ভারতীয় জনতা পার্টি। যেখানে প্রথম দফার প্রার্থী তালিকায় ১৪৪ জনের নাম রয়েছে বলে খবর।
বলা বাহুল্য, প্রার্থী তালিকা ঘোষণার অনেক আগে থেকেই কোন কেন্দ্রে কে প্রার্থী হতে পারেন, তা নিয়ে একটা চর্চা চলছিলো। যার মধ্যে আসানসোল দক্ষিণে বিজেপির পক্ষ থেকে অগ্নিমিত্রা পালকেই আবার প্রার্থী করা হতে পারে বলেই মনে করা হয়েছিল। আর অবশেষে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণাতে সেই অগ্নিমিত্রা দেবীর নামেই সীলমোহর পড়লো। এতদিন বিজেপির বিধায়ক হিসেবে তিনি উল্লেখযোগ্য পারফরম্যান্স করেছেন। আর ২৬ এর নির্বাচনেও অগ্রিমিত্রা পালকে টিকিট দিয়ে আসানসোল দক্ষিণে তৃণমূলের চাপ আরও বাড়িয়ে দিলো গেরুয়া শিবির বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।