প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ঠিক আগে রাজ্য রাজনীতিতে আছড়ে পড়ল এক বিরাট বিতর্ক। এবার আর বুথ দখল বা ছাপ্পা ভোটের পুরনো অভিযোগ নয়, বরং ‘নকল আঙুল’ ব্যবহার করে অভিনব উপায়ে ভোট চুরির গুরুতর অভিযোগ তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার নিজের মোবাইল ফোনে নির্দিষ্ট কিছু ছবি দেখিয়ে সরাসরি তৃণমূল কংগ্রেসকে নিশানা করেন তিনি।
বিরোধী দলনেতার দাবি, এবারের ভোটে রিগিং করার জন্য আধুনিক প্রযুক্তির সাহায্য নেওয়া হচ্ছে। তিনি অভিযোগ করেন, তৃণমূলের এক কাউন্সিলর দেবলীনা বিশ্বাস ইতিমধ্যেই ৭৫০টি সিলিকনের তৈরি ‘নকল আঙুল’ আনিয়েছেন। শুভেন্দুর ব্যাখ্যা অনুযায়ী, আসল আঙুলের ওপর এই নকল আবরণ লাগিয়ে বুথে গিয়ে ভোট দেবেন কর্মীরা। ভোট দেওয়ার পর যখন পোলিং অফিসার আঙুলে কালি লাগিয়ে দেবেন, তখন বুথ থেকে বেরিয়ে ওই নকল স্তরটি খুলে ফেললেই আঙুল আবার পরিষ্কার হয়ে যাবে। ফলে ওই একই ব্যক্তি পুনরায় অন্য বুথে গিয়ে ভোট দিতে পারবেন।
শুভেন্দু অধিকারী সরাসরি তৃণমূল কাউন্সিলর দেবলীনা বিশ্বাসের নাম জড়িয়ে বলেন, “তৃণমূল নিকৃষ্ট মানের ভোট চোর। এই নকল আঙুলের ওপর কালি লাগিয়ে বাইরে বেরিয়ে ওরা ওটা খুলে ফেলে দেবে।” তবে তিনি হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, এবার এই ধরণের কোনো কারচুপি হতে দেবে না বিরোধীরা। তারা অত্যন্ত সতর্ক রয়েছেন।
যদিও শুভেন্দু অধিকারীর এই দাবিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে, তবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই অভিযোগকে ভিত্তিহীন এবং পরাজয়ের আগাম অজুহাত বলে উড়িয়ে দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই বিষয়ে এখনও কোনো কড়া পদক্ষেপ বা আনুষ্ঠানিক বয়ান মেলেনি। তবে ভোটের ঠিক আগের রাতে এমন একটি ‘হাই-টেক’ জালিয়াতির অভিযোগে ভোটারদের মনেও শঙ্কার দানা বেঁধেছে। এখন দেখার, দ্বিতীয় দফার মহারণে এই ‘নকল আঙুল’ তত্ত্ব ভোটের ফলাফলে বা বুথের নিরাপত্তায় কোনো প্রভাব ফেলে কি না।