প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-খাকি উর্দির কাজটা ঠিক কী? সাধারণ মানুষের জানমাল রক্ষা করা, দুষ্কৃতীদের শ্রীঘরে পাঠানো, আর আইনের শাসন প্রতিষ্ঠা করা। কিন্তু সেই পবিত্র উর্দির আড়ালেই যদি চলে তোলাবাজি, জোর করে জমি দখল আর কুখ্যাত সমাজবিরোধীদের সাথে হাত মিলিয়ে বেআইনি টাকার পাহাড় গড়ার খেলা, তবে সাধারণ মানুষ ভরসা রাখবেন কার ওপর? কলকাতা পুলিশের প্রাক্তন ডেপুটি কমিশনার (ডিসিপি) শান্তনু সিনহা বিশ্বাসের কেচ্ছা সামনে আসতেই ঠিক এই প্রশ্নটাই এখন গোটা বাংলাকে নাড়িয়ে দিয়েছে! বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) আর্থিক তছরুপ প্রতিরোধ আইনে (PMLA) আরও একটি নজিরবিহীন ও প্রশংসনীয় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি (ED)। কুখ্যাত দুষ্কৃতী বিশ্বজিৎ পোদ্দার ওরফে ‘সোনা পাপ্পু’ এবং ব্যবসায়ী জয় এস কামদারের সাথে হাত মিলিয়ে বেআইনি লেনদেন ও দুর্নীতির অভিযোগে শান্তনু সিনহা বিশ্বাস, তাঁর পরিবার এবং ঘনিষ্ঠদের নামে থাকা ২ কোটি ৭৮ লক্ষ টাকার স্থাবর সম্পত্তি অস্থায়ীভাবে বাজেয়াপ্ত করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

রাজ্যের দুর্নীতি দমনে ইডি যেভাবে নির্ভীকভাবে এবং পেশাদারিত্বের সাথে একের পর এক প্রভাবশালী দুর্নীতিগ্রস্তের মুখোশ খুলে দিচ্ছে, তা সত্যিই কুর্নিশ জানানোর মতো। তদন্তকারী সংস্থার অফিশিয়াল বিবৃতি অনুযায়ী, বাজেয়াপ্ত হওয়া এই ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তির তালিকায় রয়েছে কলকাতার তিনটি বিলাসবহুল ফ্ল্যাট (যার মধ্যে হোসেনপুরের দুটি ফ্ল্যাট রয়েছে) এবং শান্তনুর পৈতৃক এলাকা মুর্শিদাবাদের কান্দির একটি মূল্যবান জমি। চমকের এখানেই শেষ নয়! তদন্তকারীরা জানাচ্ছেন, আইনের চোখে ধুলো দিতে এবং নিজের কুকীর্তি আড়াল করতে শান্তনু এই সম্পত্তিগুলি সরাসরি নিজের নামে কেনেননি। অত্যন্ত চতুরতার সাথে পরিবারের সদস্য, ঘনিষ্ঠ সহযোগী এবং ভুয়ো সংস্থার নামে এই সম্পত্তিগুলি গচ্ছিত রেখেছিলেন তিনি। ইডি-র হিসেব বলছে, প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অন্তত ২ কোটি ৮৯ লক্ষ টাকার অপরাধলব্ধ সম্পত্তি পকেটে পুরেছিলেন এই প্রাক্তন পুলিশকর্তা। কিন্তু ইডি-র তীক্ষ্ণ গোয়েন্দা নজরদারি এড়ানো সম্ভব হয়নি।

রাজনৈতিক মহলের একাংশ এবং ওয়াকিবহাল মহলে এখন সবচেয়ে বড় প্রশ্ন—একজন পুলিশ অফিসার ঠিক কার মদতে এবং কার ছত্রছায়ায় এতটা বেপরোয়া হয়ে উঠেছিলেন? বিরোধীদের অভিযোগ, বিগত শাসক দলের জমানায় ক্ষমতার অলিন্দে থাকা শীর্ষ নেতৃত্বের অত্যন্ত ঘনিষ্ঠ এবং ‘গুডবুকে’ ছিলেন এই শান্তনু সিনহা বিশ্বাস। ইডি-র তদন্তের নথি অনুযায়ী, শান্তনু যখন কালীঘাট থানার ওসি (OC) ছিলেন, ঠিক তখন থেকেই ব্যবসায়ী জয় এস কামদারের সাথে তাঁর এই বেআইনি আঁতাত তৈরি হয়। রাজনৈতিক মহলের মতে, পূর্বতন জমানায় প্রশাসনের একাংশকে যেভাবে দলীয় স্বার্থে এবং সিন্ডিকেট রাজ কায়েম রাখতে ব্যবহার করা হয়েছিল, শান্তনু সিনহা বিশ্বাস তারই এক জ্বলন্ত উদাহরণ! শাসক দলের সেই ‘সুনজরের’ সুযোগ নিয়েই তিনি কালীঘাট থানার ওসি থেকে ধাপে ধাপে কলকাতা পুলিশের ডিসিপি পদে উন্নীত হন এবং পর্দার আড়াল থেকে সোনা পাপ্পু ও জয় কামদারের মতো দুষ্কৃতীদের ‘গডফাদার’ হয়ে ওঠেন বলে অভিযোগ।
দক্ষিণ কলকাতার বুকে প্রবীণ নাগরিকদের ভয় দেখিয়ে জমি দখল, বেআইনি নির্মাণ এবং তোলাবাজি করে এই চক্রটি অন্তত ৫০ কোটি টাকার অপরাধলব্ধ অর্থ তৈরি করেছিল বলে ইডি-র দাবি। পূর্বতন জমানায় ‘মা-মাটি-মানুষ’-এর স্লোগানের আড়ালে যেভাবে রক্ষকরাই ভক্ষক হয়ে উঠেছিলেন, ইডি-র এই তদন্ত সেই অন্ধকার অধ্যায়কেই আজ দিনের আলোর মতো স্পষ্ট করে দিচ্ছে।

শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে ইডি-র এই সাঁড়াশি অভিযান আজকের নয়। চলতি বছরের ১ এপ্রিল, ১৯ এপ্রিল, ২৬ এপ্রিল এবং ২২ মে—মোট ৪ বার কলকাতা ও পার্শ্ববর্তী জেলার একাধিক ঠিকানায় ম্যারাথন তল্লাশি চালিয়েছিল কেন্দ্রীয় সংস্থা। সেই তল্লাশিতে উদ্ধার হয়েছিল নগদ ১ কোটি ৬৪ লক্ষ টাকা, বিপুল পরিমাণ সোনার গয়না, টয়োটা ফরচুনারের মতো বিলাসবহুল গাড়ি এবং একটি লাইসেন্সবিহীন রিভলভার! ভাবা যায়, যে পুলিশ অফিসারের হাতে বেআইনি অস্ত্র উদ্ধারের দায়িত্ব থাকার কথা, তাঁর ডেরা থেকেই মিলছে বেআইনি আগ্নেয়াস্ত্র! এরপর বারবার সমন এড়িয়ে গা ঢাকা দেওয়ার চেষ্টা করলেও শেষরক্ষা হয়নি। লুকআউট নোটিশ জারির পর গত ১৪ মে ২০২৬ সিজিও কমপ্লেক্সে ম্যারাথন জেরার পর ইডি-র জালে ধরা পড়েন তিনি।

গত ১০ জুলাই ইডি আদালতে শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে চার্জশিটও জমা দিয়েছে। সাধারণ মানুষের করের টাকায় বেতন নিয়ে যাঁরা পূর্বতন জমানায় ক্ষমতার দম্ভে সাধারণ মানুষেরই ভিটেমাটি লুট করেছেন, ইডি-র এই কড়া পদক্ষেপ তাঁদের জন্য এক চরম শিক্ষা। তবে সাধারণ মানুষের একটাই দাবি—এই দুর্নীতির শিকড় আরও কতদূর বিস্তৃত এবং বিগত জমানার আর কোন কোন প্রভাবশালী মাথা এই সিন্ডিকেটের ভাগ পেতেন, ইডি যেন তাঁদেরও টেনে হিঁচড়ে আইনের কাঠগড়ায় দাঁড় করায়।