প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যে এসআইআর প্রক্রিয়ার মাঝেই গতকাল গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত। যেখানে তারা স্পষ্ট ভাষায় রাজ্য এবং কমিশনের মধ্যে যে টানাপোড়েন চলছে, তার পরিপ্রেক্ষিতে বিচার বিভাগীয় ব্যবস্থাকে গোটা বিষয়ে যুক্ত হওয়ার কথা জানিয়ে দিয়েছে। আর এর ফলে রাজ্য এতদিন ধরে কমিশনের বিরুদ্ধে নানা অভিযোগ করে আসলেও, এবার যে আজ সেরকম কোনো অভিযোগ তারা বিচার বিভাগীয় এই ব্যবস্থার বিরুদ্ধে করতে পারবে না, তা স্পষ্ট হয়ে গিয়েছে। তবে প্রথম দিন থেকেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে দাবি করে আসছেন, গতকালও তিনি সেই একই কথা বলেছেন। চার ধরনের ব্যক্তির নাম যেন এই ভোটার তালিকায় না থাকে, সেই ব্যাপারে আবারও নিজের দাবি জানালেন তিনি।
এই রাজ্যে এসআইআর নিয়ে প্রথম দিন থেকেই তৃণমূল কংগ্রেস যেভাবে তার বিরোধিতা করছে, আর অন্য কোনো রাজ্যে সেই রকম বিরোধিতা কোনো রাজনৈতিক দলগুলিকে করতে দেখা যাচ্ছে না। আর এর একটাই কারণ। তৃণমূল জানে যে, অবৈধ, মৃত, ভুয়ো ভোটার ও রোহিঙ্গা বাংলাদেশীদের ভোটার তালিকায় না রাখলে তারা ভোটে জিতবে না। আর সেই কারণেই তাদের এই ছটফটানি বলেই প্রথম দিন থেকে দাবি করে আসছেন বিরোধী নেতারা। তবে গতকাল সুপ্রিম কোর্ট রাজ্যে এসআইআর প্রক্রিয়ায় যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা নিয়ে রীতিমত অসন্তোষ প্রকাশ করেছে। শুধু তাই নয়, এ ক্ষেত্রে যে তথ্যগত অসংগতির বিভিন্ন অভিযোগ আসছে, সেই বিষয়টি খতিয়ে দেখার ক্ষেত্রে এবং নথি যাচাইয়ের ক্ষেত্রে বিচার বিভাগীয় আধিকারিকদের গোটা কাজের সঙ্গে যুক্ত করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। এমনকি তারা এটাও জানিয়ে দিয়েছে যে, সেই বিচার বিভাগীয় আধিকারিকরা এক্ষেত্রে যে সিদ্ধান্ত নেবেন, তা আদালতের সিদ্ধান্ত বলেই গন্য করতে হবে সকলকে। আর এসবের মাঝেই বড় মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানেই তিনি বলেন, “আমরা ত্রুটিমুক্ত ভোটার চালিকা চাই। প্রথম দিন থেকেই এই কথা বলে আসছি। এসআইআর নতুন নয়। এর আগেও আটবার এসআইআর হয়েছে। এটা নবমবার হচ্ছে। চার ধরনের লোকের নাম যাতে ভোটার তালিকায় না থাকে, এটা প্রত্যেকটি ভারতীয় এবং প্রত্যেকটি পশ্চিমবঙ্গবাসীর আবেদন এবং দাবি। মৃত ভোটার, ভুয়ো ভোটার, একজন ভোটারের নাম দুই জায়গায় এবং অভারতীয় বা বাংলাদেশী মুসলিমদের নাম যেন না থাকে। এই চার ধরনের লোকের নাম যেন না থাকে। এর মধ্যে তো অন্যায়ের কিছু নেই।”