• প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
    এই রাজ্যে কি সত্যিই কারোরই নিরাপত্তা নেই? এমনকি যারা ভোট দেয় না, যারা এখনও সাবালক হয়নি, তারাও কি তৃণমূলের রোশ থেকে বাঁচবে না? কারণ যে ঘটনার খবর ইতিমধ্যেই সামনে এসেছে, তারপর তৃণমূলের বিরুদ্ধে আরও তিতিবিরক্ত হয়ে উঠেছেন সাধারণ মানুষ। যেখানে খণ্ডঘোষে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে পুকুরে ফেলে দেওয়ার। আর সেই ঘটনাকে কেন্দ্র করেই উত্তাল হয়ে উঠেছে পরিস্থিতি।

এই রাজ্যের বুকে একটা প্রবণতা শুরু হয়েছে যে, যারাই বিরোধী রাজনীতি করবে, তাদেরকেই তৃণমূলের হাতে আক্রান্ত হতে হবে। দিকে দিকে বিরোধী নেতা কর্মীরা তো বটেই, এখন তাদের পরিবারকেও টার্গেট করার মত গুরুতর অভিযোগ করছে বিজেপি। আজ থেকেই রাজ্যে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। কিন্তু এবার এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর ওপরেও হামলা চালানোর অভিযোগ উঠলো রাজ্যের শাসক দলের বিরুদ্ধে। বিজেপির অভিযোগ, উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর বাবা বিজেপির সক্রিয় কর্মী। তাই তৃণমূলের পক্ষ থেকে সেই পরীক্ষার্থীর ওপর হামলা করা হয়েছে।

কি ঘটনা ঘটেছে? জানা গিয়েছে, গতকাল খণ্ডঘোষে এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে ব্যাপক মারধর করা হয়েছে। এমনকি তাকে পুকুরে ফেলে দেওয়ার মত গুরুতর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর অভিযোগ, তৃণমূলের কিছু লোকজন বাড়িতে তার বাবার দোকানে এসে সেই দোকান বন্ধ করার জন্য চাপ দেয়। পরবর্তীতে সে এসে কারণ জানতে চাইলে তাকে পুকুরে ফেলে দেওয়া হয়। এমনকি হুমকি দেওয়া হয় যে, আবার তারা আসবেন। স্বাভাবিক ভাবেই এক দিকে পরীক্ষার চাপ, আর অন্যদিকে তৃণমূলের দুষ্কৃতীদের এই ধরনের অত্যাচার নিয়ে রীতিমত আতঙ্কে রয়েছেন সেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী এবং তার পরিবার। ইতিমধ্যেই গোটা ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অন্যদিকে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠলেও তারা অবশ্য এই অভিযোগকে সম্পূর্ণরূপে অস্বীকার করেছেন। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।