প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-কলকাতার প্রাক্তন মেয়র তথা প্রভাবশালী তৃণমূল নেতা ফিরহাদ (ববি) হাকিমের সংস্থায় এবার বড়সড় অ্যাকশন। নিউ আলিপুরের টালিগঞ্জ সার্কুলার রোড এলাকায় ফিরহাদ হাকিমের মালিকানাধীন ও ঘনিষ্ঠ দুটি বড় সংস্থার অফিসে বিশাল পুলিশ বাহিনী নিয়ে হানা দিল রাজ্য প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিরোধী কমিশন। গতকাল, বৃহস্পতিবার সকাল থেকেই ‘হাকিম পলিমেকার্স প্রাইভেট লিমিটেড’ এবং ‘হাকিম কেমিক্যালস’ নামক এই দুটি কোম্পানির অফিসে একযোগে ম্যারাথন তল্লাশি অভিযান শুরু করেন তদন্তকারীরা। কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বাধীন এই কমিশন প্রাতিষ্ঠানিক দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই এই পদক্ষেপ নিয়েছে বলে জানা গিয়েছে।

তদন্তকারী সংস্থা সূত্রে খবর, কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট অনুযায়ী এই দুটি লাভজনক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং মূল ব্যক্তি খোদ ফিরহাদ হাকিম নিজেই। ১৯৮৫ সাল থেকে চলা এই সংস্থাগুলির সমস্ত আর্থিক লেনদেনে কোনও অসঙ্গতি রয়েছে কি না, কিংবা কর ফাঁকি দেওয়া হয়েছে কি না—তা খতিয়ে দেখতেই এই তল্লাশি চালানো হয়। তবে অভিযানের সময় অফিসে ফিরহাদ হাকিম বা তাঁর পরিবারের কোনও সদস্য উপস্থিত ছিলেন না। ভেতরের সমস্ত নথিপত্র এবং কম্পিউটার সামগ্রী খতিয়ে দেখছেন কমিশনের আধিকারিকরা।

তাঁর সংস্থায় এই আকস্মিক হানা নিয়ে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন কলকাতার প্রাক্তন মেয়র। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই তল্লাশি চালানো হচ্ছে বলে অভিযোগ তুলে ফিরহাদ হাকিম স্পষ্ট জানান, “এটি রাজনৈতিক প্রতিহিংসা এবং চরিত্রহনন ছাড়া আর কিছুই নয়। ১৯৮৫ সালে আমার গড়া এই কারখানা সম্পূর্ণ বৈধভাবে একটি ভাড়াবাড়িতে ব্যবসা চালাচ্ছে। এর সঙ্গে কোনও দুর্নীতি বা বেআইনি আর্থিক লেনদেন যুক্ত নেই।” নবান্নে ক্ষমতার পরিবর্তনের পর প্রাক্তন মেয়রের সংস্থায় পুলিশ নিয়ে এই হাইপ্রোফাইল হানা রাজ্য রাজনীতিতে এক নতুন বিতর্কের জন্ম দিল।