প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-দেশের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপনের প্রাক্কালে দেশাত্মবোধের জোয়ারে ভাসল পশ্চিমবঙ্গ। কেন্দ্র সরকারের ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচির অঙ্গ হিসেবে আজ রাজ্যজুড়ে আয়োজিত হলো বর্ণাঢ্য তিরঙ্গা যাত্রা। এই উপলক্ষে একদিকে কলকাতা এবং অন্যদিকে হুগলির সপ্তগ্রামে আয়োজিত দুটি পৃথক মেগা মিছিলে পা মেলালেন হাজার হাজার সাধারণ মানুষ ও রাজনৈতিক ব্যক্তিত্ব। বেহালায় মন্ত্রী ইন্দ্রনীল খাঁ-র নেতৃত্বে মহাসড়ক জুড়ে তিরঙ্গা যাত্রাকলকাতার বুকে আজ এক অভূতপূর্ব দৃশ্যের সাক্ষী থাকলেন সাধারণ মানুষ। রাজ্যের বিজেপি সরকারের বর্তমান মন্ত্রী তথা বেহালা পশ্চিমের বিধায়ক ইন্দ্রনীল খাঁ-র নেতৃত্বে আজ বেহালায় এক সুবিশাল তিরঙ্গা যাত্রা বের করা হয়। মিছিলটি বেহালা চৌরাস্তা থেকে শুরু হয়ে দীর্ঘ পথ পরিক্রমা করে বেহালা ১৪ নম্বর বাস স্ট্যান্ডে গিয়ে শেষ হয়। জাতীয় পতাকা হাতে স্বতঃস্ফূর্তভাবে মিছিলে শামিল হন হাজার হাজার বিজেপি কর্মী-সমর্থক এবং সাধারণ নাগরিক। মন্ত্রী ইন্দ্রনীল খাঁ নিজেই পুরো মিছিলটির নেতৃত্ব দেন এবং সাধারণ মানুষকে প্রতিটি ঘরে ঘরে জাতীয় পতাকা উত্তোলনের আহ্বান জানান।

অন্যদিকে, হুগলি জেলার সপ্তগ্রাম বিধানসভা এলাকাতেও আজ স্বাধীনতা সপ্তাহের এক ঐতিহাসিক কর্মসূচি পালিত হলো। সপ্তগ্রামের বিধায়ক স্বরাজ ঘোষের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিজেপি সাংসদ ড. সুকান্ত মজুমদার। হুগলির ত্রিবেন্দী বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে মগরা স্টেশন পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ পথজুড়ে এই বর্ণাঢ্য পদযাত্রাটি অনুষ্ঠিত হয়। এই পদযাত্রার মূল আকর্ষণ ছিল একটি ৩০০ ফুট লম্বা বিশালাকার জাতীয় পতাকা, যা কয়েক হাজার মানুষ অত্যন্ত শ্রদ্ধার সাথে কাঁধে করে বহন করেন। এছাড়া স্কুল পড়ুয়ারা নেতাজি সুভাষচন্দ্র বসু, স্বামী বিবেকানন্দ এবং ভগৎ সিং-এর সাজে সেজে মিছিলে অংশ নেওয়ায় এক অনন্য দেশাত্মবোধক পরিবেশ তৈরি হয়। মিছিলের মাঝে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ‘বন্দে মাতরম’ গান নিয়ে আপোষকারীদের তীব্র সমালোচনা করেন কেন্দ্রীয় মন্ত্রী ড. সুকান্ত মজুমদার।

রাজ্যের নতুন বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আহ্বানে ও নির্দেশনায় গোটা রাজ্যজুড়ে এবারের ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি এক গণ-উৎসবের আকার ধারণ করেছে।