প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
একসময় বামেদের শক্ত ঘাঁটি ছিল যাদবপুর। কিন্তু ধীরে ধীরে রাজ্য রাজনীতিতে শুন্য হয়ে যাওয়া বামেরা এখন সেখানেও অনেকটাই ফিকে হয়ে গিয়েছে। তবে এবার তৃণমূল এবং বিজেপির মধ্যে প্রধান লড়াই হলেও আজ বামেদের পক্ষ থেকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। আর সেই প্রার্থী তালিকায় এমন একাধিক নাম রয়েছে, যা ঘিরে রীতিমত চর্চা শুরু হয়েছে। যার মধ্যে অন্যতম প্রবাদ-প্রতিম বাম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তাকেই যাদবপুর বিধানসভা কেন্দ্রে প্রার্থী করেছে সিপিএম। আর নাম ঘোষণার পরেই বিন্দুমাত্র সময় নষ্ট না করে প্রচারে নেমে পড়লেন বিকাশবাবু।

এই রাজ্যে ২০২৬ এর নির্বাচনে প্রধান লড়াই তৃণমূল এবং বিজেপির মধ্যেই হতে চলেছে। তবে তৃণমূল সরকারের কালঘাম ছুটিয়ে দেওয়া বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে যাদবপুর বিধানসভা কেন্দ্রে প্রার্থী করে বামেরা অনেকটাই সমীকরণ বদলের ইঙ্গিত দিয়েছে। যেখানে লড়াই অনেকটাই হাড্ডাহাড্ডি হতে পারে বলেই মনে করা হচ্ছে। কেননা এই তৃণমূলের বিরুদ্ধে বিকাশ রঞ্জন ভট্টাচার্য যেভাবে প্রতিনিয়ত আদালতের লড়াই করছেন এবং তৃণমূলকে চাপে ফেলে দিয়েছেন, তাতে বামেদের এক সময়কার শক্ত ঘাঁটি যাদবপুরে তাকে প্রার্থী করে সিপিএম রীতিমত মাস্টারস্ট্রোক দিয়ে দিয়েছে। তাই তৃণমূল এবং বিজেপির মধ্যে লড়াই হলেও, সিপিএম যেহেতু বিকাশবাবুর মত ব্যাক্তিকে প্রার্থী করেছে, তাই তিনি এখানে যথেষ্ট প্রভাব ফেলতে পারেন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা‌।

প্রসঙ্গত, আজ বিকেলেই বামফ্রন্টের পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। আর সেখানেই যাদবপুর বিধানসভা কেন্দ্রে নাম ঘোষণা করা হয় কলকাতা পৌরসভার প্রাক্তন মেয়র তথা দুঁদে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। এদিকে নাম ঘোষণার পরেই বিন্দুমাত্র সময় নষ্ট করতে রাজি নন বিকাশবাবু। তড়িঘড়ি আজই প্রচারে বেরিয়ে পড়েছেন তিনি। তবে আদালতের দরজায় যেভাবে তৃণমূল সরকারকে নাকানি চোবানি খাইয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, এবার ভোটের বাক্সে তিনি কতটা তৃণমূলের ঘুম কাড়তে পারেন, সেদিকেই নজর থাকবে সকলের।