প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-ঐতিহ্যবাহী যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করার এক নজিরবিহীন ও বিস্ফোরক দাবি তুলে রাজ্য রাজনীতিতে তুমুল আলোড়ন সৃষ্টি করলেন বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে তা ‘ঋষি অরবিন্দ বিশ্ববিদ্যালয়’ রাখার জোরদার সওয়াল করেছেন তিনি। দরকার হলে এই দাবিতে রাজ্যজুড়ে গণস্বাক্ষর বা ‘মাস পিটিশন’ সংগ্রহ করে তা রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর দফতরে পাঠানোরও হুঁশিয়ারি দিয়েছেন এই বিজেপি নেত্রী। যাদবপুরে আয়োজিত একটি জাতীয়তাবাদী সম্মেলনের মঞ্চে বক্তব্য রাখার সময় এই বিতর্কিত ও মেগা দাবি তোলেন শর্বরী মুখোপাধ্যায়।

নিজের বক্তব্যের পক্ষে যুক্তি দিয়ে বিজেপি বিধায়ক বলেন, “যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আসল স্রষ্টা হলেন ঋষি অরবিন্দ। যে উদ্দেশ্যে এবং যে কারণে এই ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয়টি তৈরি হয়েছিল, তা হলো ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে বাঙালি মেধার স্ফুরণ ঘটানো। কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম ঋষি অরবিন্দের নামাঙ্কিতই হওয়া উচিত বলে বহু রাষ্ট্রবাদী মানুষ মনে করছেন।” তিনি আরও স্পষ্ট করেন যে, এই দাবিকে কেবল মুখের কথার মধ্যে সীমাবদ্ধ রাখা হবে না। এটিকে একটি বৃহত্তর আন্দোলনে রূপ দিতে বড়সড় পরিকল্পনা করছে বিজেপি।

শর্বরী মুখোপাধ্যায় মঞ্চ থেকে ঘোষণা করেন, “প্রয়োজন পড়লে এই নাম বদলের দাবিতে আমরা ব্যাপক স্তরে গণস্বাক্ষর অভিযান বা মাস পিটিশন করব। সেই গণস্বাক্ষরিত আবেদনপত্র মহামহিম রাজ্যপালের কাছে দেওয়া হবে। একই সাথে মাননীয় মুখ্যমন্ত্রী এবং উচ্চ শিক্ষামন্ত্রীর কাছেও এই দাবি পাঠানো হবে। যদি রাজ্যে কাজ না হয়, তবে প্রয়োজন পড়লে আমরা সরাসরি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর কাছেও দরবার করব।” নবান্নে ক্ষমতার পরিবর্তনের পর এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গত কয়েক বছর ধরে চলা লাগাতার ছাত্র আন্দোলন ও রাজনৈতিক ডামাডোলের আবহে বিজেপি বিধায়কের এই নাম বদলের দাবি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শিক্ষামহলের একাংশের মতে, বিশ্ববিদ্যালয়ের এই জাতীয়তাবাদী নামকরণের প্রস্তাবকে কেন্দ্র করে আগামী দিনে বাম ছাত্র সংগঠন ও নতুন শাসকদলের মধ্যে বড়সড় সংঘাতের তৈরি হতে পারে।