প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (JU) দেওয়ালে দেশবিরোধী ও মাওবাদী স্লোগান সংক্রান্ত বিতর্কে এবার সরাসরি এন্ট্রি নিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ, বৃহস্পতিবার এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের বাম ও অতিবাম ছাত্র সংগঠনগুলির কার্যকলাপে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি। ক্যাম্পাসের দেওয়ালে ‘ফ্রি প্যালেস্তাইন’ স্লোগান লেখার কড়া সমালোচনা করে তিনি প্রকাশ্যেই পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন। মুখ্যমন্ত্রী অত্যন্ত আক্রমণাত্মক ভঙ্গিতে স্পষ্ট জানিয়ে দেন, ভারতের নিজস্ব ভূখণ্ডকে নিয়ে উদাসীন থেকে অন্য দেশের হয়ে যারা ক্যাম্পাসে রাজনীতি করছে, প্রশাসন তাদের কোনও রেয়াত করবে না।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্দরে ‘রেড স্যালুট টু কিষেণজি’ বা ‘ফ্রি প্যালেস্তাইন’ এর মতো দেওয়ালে লিখনকে তীব্র আক্রমণ করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে লিখবেন ফ্রি প্যালেস্তাইন, সেটা আমি দেখব! যাদবপুরে দেওয়ালে লিখুন ফ্রি POK, আমি তাতে সমর্থন করব।” মুখ্যমন্ত্রী আরও প্রশ্ন তোলেন, যখন অবন্তিপোরায় জঙ্গি হামলায় দেশের সিআরপিএফ (CRPF) জওয়ানরা শহীদ হন, তখন এই বামপন্থীরা কোনো মিছিল করে না। কিন্তু ভারতের সেনাবাহিনী যখনই পাকিস্তানের বিরুদ্ধে সফল প্রতিরোধ গড়ে তোলে, তখনই এরা যুদ্ধবিরোধী মিছিল বার করে। রাষ্ট্রবিরোধী বা দেশকে টুকরো করার এই মানসিকতা বর্তমান প্রশাসন কোনোভাবেই সহ্য করবে না বলে কড়া হুঁশিয়ারি দেন তিনি।
মুখ্যমন্ত্রীর কড়া অবস্থান এবং রাজ্য সরকারের নির্দেশের পর নড়েচড়ে বসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গত সপ্তাহেই ক্যাম্পাসের দেওয়ালে থাকা বিতর্কিত রাজনৈতিক লিখন ও গ্রাফিতি সাদা রং দিয়ে মুছে দেয় কর্তৃপক্ষ। তবে প্রশাসনের এই কড়াকড়ির ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের দেওয়ালে কার্ল মার্ক্সের উক্তি ও ‘ফ্রি প্যালেস্তাইন’ স্লোগান লিখে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়েছে বিশ্ববিদ্যালয়ের একাংশ বামপন্থী পড়ুয়া। তাঁদের দাবি, এটি তাঁদের মতপ্রকাশের স্বাধীনতার অংশ। এই ছাত্র বনাম প্রশাসন সংঘাতের জেরে যাদবপুরকে কেন্দ্র করে এই মুহূর্তে রাজ্যের রাজনৈতিক পারদ চরমে উঠেছে।