প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-সময় বদলায়, আইনের গতিপ্রকৃতিও বদলায়। আর ঠিক সেই কারণেই, দীর্ঘ কয়েক বছর পর অবশেষে ডায়মন্ড হারবারে একটি হাই-প্রোফাইল মামলার চাকা নতুন করে ঘুরতে শুরু করল। ২০২০ সালের সেই ১০ ডিসেম্বর—ডায়মন্ড হারবার যাওয়ার পথে বিজেপির তৎকালীন সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে যেভাবে হামলা চালানো হয়েছিল, তা নিয়ে রাজ্য রাজনীতিতে তোলপাড় হয়েছিল। সেই সময় এই ঘটনায় মামলা দায়ের হলেও, অভিযোগ ওঠে যে রাজনৈতিক ও প্রশাসনিক পরিস্থিতির কারণে তদন্ত প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি। কিন্তু রাজনৈতিক পটপরিবর্তনের পর, রাজ্যে আইনের শাসন পুনর্প্রতিষ্ঠার লক্ষে ফাইলবন্দি থাকা সেই মামলার জট খুলতে অবশেষে কোমর বেঁধে নামল ডায়মন্ড হারবার পুলিশ। আর এই পুনঃতদন্তের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে একটি বিতর্কিত নাম—ফলতার তৎকালীন প্রভাবশালী নেতা জাহাঙ্গির খান, যার নাম ওই ঘটনার এফআইআর (FIR)-এ অন্যতম মূল অভিযুক্ত হিসেবে নথিভুক্ত ছিল।

২০২০ সালের ডিসেম্বর মাসে ডায়মন্ড হারবারে দলীয় কর্মসূচিতে যাচ্ছিলেন তৎকালীন বিজেপি সভাপতি জেপি নাড্ডা। শিরাকোল এবং ফলতা এলাকায় পৌঁছাতেই তাঁর কনভয়ের ওপর হামলার অভিযোগ ওঠে। একের পর এক গাড়ির কাচ ভেঙে দেওয়া হয়। সেই ঘটনার নেপথ্যে ফলতার তৎকালীন শাসক শিবিরের নেতা জাহাঙ্গির খানের প্রত্যক্ষ মদত ছিল বলে অভিযোগ তুলেছিল বিজেপি নেতৃত্ব। যদিও তৎকালীন পুলিশ প্রশাসন রাজনৈতিক চাপে মূল অভিযুক্তদের আড়াল করার চেষ্টা করেছিল বলে রাজনৈতিক মহলের দাবি।

আইনের হাত থেকে রেহাই মেলেনি। তোলাবাজি, মারধর এবং খুনের চেষ্টার মতো একাধিক গুরুতর ও জামিন অযোগ্য ধারায় মামলা চলায়, সম্প্রতি ভারত-নেপাল সীমান্ত এলাকা (খড়িবাড়ি) থেকে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF) এবং দার্জিলিং পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার হন জাহাঙ্গির খান। আদালতের নির্দেশে জাহাঙ্গির খান এখন পুলিশি হেফাজতে রয়েছেন। ডায়মন্ড হারবার পুলিশ সূত্রে খবর, জেপি নাড্ডার কনভয়ে হামলার ঘটনার তদন্ত এবার নতুন করে ও অত্যন্ত গুরুত্ব সহকারে করা হবে। হেফাজতে থাকা অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানার চেষ্টা করছে—সেদিনের সেই ঘটনার নেপথ্যে আর কার কার ভূমিকা ছিল? কার নির্দেশে কেন্দ্রীয় নেতার কনভয়ে হামলা চালানোর সাহস পেয়েছিল দুষ্কৃতীরা?

রাজনৈতিক মহলের মতে, রাজ্যে শাসনক্ষমতার রদবদলের পর পুলিশ এখন রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে স্বাধীনভাবে কাজ করছে। ফলে ডায়মন্ড হারবারের ওই পুরোনো মামলার ফাইল নতুন করে খোলায় এখন চিন্তার ভাঁজ ফলতা এবং ডায়মন্ড হারবার এলাকার বহু প্রাক্তন প্রভাবশালী নেতার কপালে। আইন তার নিজের পথেই চলছে, এবং ডায়মন্ড হারবার পুলিশের এই তৎপরতা তারই ইঙ্গিত দিচ্ছে।