প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
আজ গোটা দেশের নজর রয়েছে সুপ্রিম কোর্টের দিকে। কারণ গতকাল থেকেই জল্পনা তৈরি হয়েছে যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর সংক্রান্ত যে মামলা তিনি করেছেন, তার পরিপ্রেক্ষিতে তিনি নিজেই দীর্ঘদিন পর আবার কালো কোর্টে দেশের শীর্ষ আদালতে মামলা লড়তে পারেন। নিজেই সওয়াল করতে পারেন। তৃণমূলের পেজ থেকে বিভিন্ন রকম ছবি পোস্ট করা হয়েছে। যার ফলে জল্পনা আরও বৃদ্ধি পেয়েছে। আর শেষ পর্যন্ত সেই জল্পনাকে সত্যি করে একেবারে সাত সকালে নির্দিষ্ট সময় অনুযায়ী সুপ্রিম কোর্টে পৌঁছে গেলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন প্রশ্ন হচ্ছে, তাকে কি আইনজীবী হিসেবে লড়তে দেখা যাবে? নাকি নিজের মামলা রয়েছে, তাই সেই মামলাকারী হিসেবেই সুপ্রিম কোর্টে উপস্থিত থাকবেন তিনি?

মুখ্যমন্ত্রী যেদিন থেকে দিল্লিতে রয়েছেন, সেদিন থেকেই চর্চা চলছে যে, সুপ্রিম কোর্টে যে মামলা তিনি করেছেন এসআইআর সংক্রান্ত, সেই মামলায় তার ভূমিকা কি হবে? অনেকেই বলতে শুরু করেছিলেন, দীর্ঘদিন পর আবার দৃষ্টান্ত স্থাপন করতে চলেছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি নিজেই মামলাকারী হিসেবে সওয়াল করতে পারেন। তবে গতকাল থেকেই স্পষ্ট হয়ে গিয়েছিল যে, মুখ্যমন্ত্রী এই মামলা চলাকালীন সুপ্রিম কোর্টে উপস্থিত থাকবেন। আর সেই মতই এবার দেশের শীর্ষ আদালতে উপস্থিত হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সূত্রের খবর, আজ সুপ্রিম কোর্টে এসআইআর সংক্রান্ত মামলা রয়েছে। যার মধ্যে রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের করা মামলাও। আর তার মাঝেই একেবারে নির্দিষ্ট সময় সুপ্রিম কোর্টে পৌঁছে গিয়েছেন তিনি। কিন্তু এখন সব থেকে বড় যে প্রশ্নটা উঠতে শুরু করেছে যে, মুখ্যমন্ত্রী কি আইনজীবী হিসেবে সওয়াল করবেন? এখনও পর্যন্ত যা দেখতে পাওয়া গিয়েছে যে, মুখ্যমন্ত্রীর পরনে আইনজীবীদের জন্য যে পোশাক থাকে, সেরকম কিছু নেই। তবে গলায় একটি কালো চাদর রয়েছে। স্বাভাবিকভাবেই সুপ্রিম কোর্টে মামলা শুরু হওয়ার পর মুখ্যমন্ত্রী আইনজীবী হিসেবে তার সওয়াল করেন কিনা বা ব্যক্তিগতভাবে নিজের মামলায় তিনি কিছু বলেন কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।