প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর আক্রমণ ও লাগাতার নোংরা ট্রোলিংয়ের শিকার! ক্ষোভ ও আশঙ্কায় এবার সরাসরি রাজ্যের প্রশাসনিক প্রধান ও স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দরবারে হাজির হলেন তৃণমূলত্যাগী তথা বর্তমান এনসিপিআই (NCPI) সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। গতকাল, ৯ সেপ্টেম্বর ২০২৬ (বুধবার) বিকেলে, রাজ্যের প্রধান প্রশাসনিক কার্যালয় নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে এক হাইপ্রোফাইল বৈঠক করেন তিনি। বৈঠক শেষে নিজের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সরাসরি ক্ষোভ উগরে দিয়ে এক বিস্ফোরক পোস্ট করেছেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। সেখানে তিনি স্পষ্ট জানান, তাঁর বিরুদ্ধে চলা এই নোংরা প্রচারের নেপথ্যে নির্দিষ্ট রাজনৈতিক দলের আইটি সেল কাজ করছে।

সোশ্যাল মিডিয়া পোস্টে অত্যন্ত কড়া ভাষায় ক্ষোভ প্রকাশ করে কাকলি ঘোষ দস্তিদার লেখেন— “আজ ফেসবুক ও টুইটারে পোস্ট করে IT সেল থেকে যে অসভ্য গালাগাল দেওয়া হচ্ছে আমাকে ও আমার পরিবারকে, সেই নাম মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দিলাম। উনি যথাযথ শাস্তির ব্যবস্থা করবেন আশ্বাস দিয়েছেন।” রাজনৈতিক মহলের মতে, তৃণমূলের সঙ্গে দূরত্ব তৈরি করে এনসিপিআই-তে যোগ দেওয়ার পর থেকেই তাঁকে লক্ষ্য করে সোশ্যালে কুরুচিকর আক্রমণ করা হচ্ছে। বিশেষ করে তৃণমূলের এক নেতার বিতর্কিত পোস্টের পর থেকেই এই পরিস্থিতির সৃষ্টি হয়। সেই সমস্ত আপত্তিকর পোস্টের প্রমাণ ও নির্দিষ্ট অ্যাকাউন্টগুলোর একটি সম্পূর্ণ তালিকা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাতে তুলে দিয়েছেন তিনি।

রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বও রয়েছে খোদ মুখ্যমন্ত্রীর কাঁধে। নবান্ন সূত্রে খবর, সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের অভিযোগ অত্যন্ত গুরুত্বের সঙ্গে শুনেছেন মুখ্যমন্ত্রী। কোনো জনপ্রতিনিধি বা তাঁর পরিবারকে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকরভাবে আক্রমণ করা এবং কুৎসা ছড়ানোকে যে বর্তমান প্রশাসন বরদাস্ত করবে না, তা স্পষ্ট করে দেওয়া হয়েছে। সাইবার ক্রাইম বিভাগকে অবিলম্বে এই ঘটনার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার ও কঠোর শাস্তির ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।