প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
রাজ্য রাজনীতির ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকের দিনের দিকে তাকিয়ে রয়েছেন রাজ্যের সাধারণ মানুষ থেকে শুরু করে শাসক, বিরোধী সকল রাজনৈতিক দল। বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার আগে, এসআইআর পর্বের পরে আজ প্রকাশিত হতে চলেছে চূড়ান্ত ভোটার তালিকা। তবে আজকের পরেও ধাপে ধাপে তথ্যগত অসংগতির যে বিষয়টি রয়েছে, তা যাচাই করে আবার ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা। তবে আজকের যে ভোটার তালিকা প্রকাশ হবে, তার মধ্যে দিয়েই একটা বিষয় স্পষ্ট হয়ে যাবে যে, কত মানুষের নাম এই এসআইআর প্রক্রিয়ায় পশ্চিমবঙ্গ থেকে বাদ যেতে চলেছে। সাধারণ মানুষের মধ্যেও কৌতুহল তৈরি হয়েছে যে, তাদের নিজেদের নাম রয়েছে তো?

প্রথম দিন থেকে রাজ্যের বিরোধী দল দাবি করে আসছে যে, এসআইআর প্রক্রিয়ায় এক কোটির কাছাকাছি মানুষের নাম বাদ যেতে পারে। ইতিমধ্যেই গোটা বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে পৌঁছে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর প্রক্রিয়াকে বন্ধ করার চেষ্টা এই তৃণমূল কংগ্রেস করলেও, শেষ পর্যন্ত আদালতের দরজায় তারা মুখ থুবড়ে পড়েছে। একটা বিষয় আদালত স্পষ্ট করে দিয়েছে যে, আপনাদের অভাব অভিযোগ থাকলে বলুন। কিন্তু এসআইআর কোনোভাবেই আটকানোর কাজ বরদাস্ত করা হবে না। যার ফলে এই রাজ্যের শাসক দল তথ্যগত অসঙ্গতির অভিযোগ তুলে ধরেছিল। যার পরিপ্রেক্ষিতে আদালত বিচার বিভাগকে ময়দানে নামিয়েছে এবং তারা এই গোটা বিষয়টির ক্ষেত্রে নথি যাচাইয়ের কাজ করছে। তবে তার মধ্যেই আজ আদালতের নির্দেশেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হচ্ছে। এখন সবথেকে বড় প্রশ্ন জনতার মধ্যে যে, কখন সেই চূড়ান্ত ভোটার তালিকায় নিজেদের নাম দেখতে পারবেন সাধারণ মানুষ?

সূত্রের খবর, এদিন সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের সিইও মনোজ কুমার আগরওয়াল। আর সেখানেই তাকে প্রশ্ন করা হয় যে, চূড়ান্ত ভোটার তালিকা কখন প্রকাশ পাবে এবং কিভাবে তা দেখতে পারবেন সাধারণ মানুষ? আর সেই ব্যাপারে প্রতিক্রিয়া দিতে গিয়ে রাজ্যের সিইও বলেন, “প্রত্যেকবার জানুয়ারি মাসে এই তালিকা বের হয়। এবার এসআইআরের পরে ফেব্রুয়ারি মাসের এই তালিকা বের হচ্ছে। প্রত্যেকটি স্বীকৃত রাজনৈতিক দল অফিস থেকে পেনড্রাইভ পাবেন। এছাড়াও দুপুরের মধ্যেই নির্বাচন কমিশন লিংক দিয়ে দেবে। সেখানে ভোটার কার্ড দিয়ে সকলেই তা দেখতে পারবে। আশা করছি, দুপুরের মধ্যেই এই প্রক্রিয়া শুরু হয়ে যাবে।”