প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
২৬ এর বিধানসভা নির্বাচনের আগে সকলের দুটি বিষয়ে কৌতুহল রয়েছে। প্রথম বিষয়, কোন দলের পক্ষ থেকে কে প্রার্থী হচ্ছেন। আর দ্বিতীয় বিষয়, কবে ভোট ঘোষণা হচ্ছে। তবে এবার সব থেকে বেশি আগ্রহ রয়েছে বিজেপির প্রার্থী তালিকা নিয়ে। কারণ বিজেপি এবার বাংলা দখল করতে সব রকম কৌশল কাজে লাগাচ্ছে। সেদিক থেকে তারা প্রার্থী তালিকায় কতটা চমক রাখে, তার দিকে যথেষ্ট আগ্রহ রয়েছে রাজনৈতিক মহলের।
২৬ এর বিধানসভা নির্বাচন দরজায় কড়া নাড়ছে। যে কোনো মুহূর্তে ভোট ঘোষণা হয়ে যাবে। রাত পোহালেই আগামীকাল চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা। আর এর মধ্যেই আজ রাজ্য বিজেপির পক্ষ থেকে বৃহত্তর সাংবাদিক বৈঠক করা হয়। যেখানে পরিবর্তন যাত্রা উপলক্ষে নিজেদের কর্মসূচির কথা জানায় রাজ্য বিজেপি নেতৃত্ব। আর সেই কর্মসূচির পরেই সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। আর সেখানেই তাকে বিজেপির প্রার্থী তালিকা কবে প্রকাশ হবে, তা নিয়ে প্রশ্ন করা হয়। আর সেই ব্যাপারে প্রতিক্রিয়া দিতে গিয়ে রাজ্য বিজেপির সভাপতি বলেন, “এই নিয়ে আমাদের এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। আর সিদ্ধান্ত হলেও আমি আপনাকে বলবো না। বলতে পারলে খুশি হতাম। আমাদের প্রার্থী তালিকা প্রকাশিত হওয়ার একটি নির্দিষ্ট পদ্ধতি আছে, প্রক্রিয়া আছে। সেটা শুরু হয়ে গিয়েছে। তবে আশা করছি, খুব বেশি দিন আপনাদের অপেক্ষা করতে হবে না।”