প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-২০২৬ বিধানসভা নির্বাচনের প্রথম দফায় চরম উত্তেজনা দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে। বুথ পরিদর্শনে গিয়ে প্রকাশ্য দিবালোকে শারীরিক নিগ্রহের শিকার হলেন বিজেপি প্রার্থী শুভেন্দু সরকার। অভিযোগ, পুলিশের উপস্থিতিতেই একদল উন্মত্ত জনতা প্রার্থীকে ঘিরে ধরে মারধর করে। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে, নিরাপত্তারক্ষীদের ঘেরাটোপে মাঠের আলপথ দিয়ে প্রাণ বাঁচাতে দৌড়াতে দেখা যায় প্রার্থীকে।

আজ বৃহস্পতিবার ভোটের শুরু থেকেই কুমারগঞ্জের চালুন এলাকার একাধিক বুথে উত্তেজনা ছিল। বিজেপি প্রার্থীর অভিযোগ, তাঁদের পোলিং এজেন্টদের বুথে বসতে বাধা দেওয়া হচ্ছিল এবং মারধর করে বের করে দেওয়া হচ্ছিল। খবর পেয়ে শুভেন্দু সরকার সেখানে পৌঁছালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

অভিযোগ, তিনি যখন বুথ থেকে বের হচ্ছিলেন, তখন একদল দুষ্কৃতী তাঁর ওপর চড়াও হয়। ভাইরাল হওয়া ভিডিওতে (ভিডিওর সত্যতা যাচাই করেনি আমাদের পোর্টাল) দেখা যাচ্ছে, পুলিশের সামনেই প্রার্থীকে লক্ষ্য করে কিল, চড় ও ঘুষি মারা হচ্ছে। তাঁর গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হয় এবং হামলার চেষ্টা চলে। প্রবল উত্তেজনার মুখে প্রার্থী ও তাঁর সঙ্গীরা এলাকা ছাড়তে বাধ্য হন।

বিজেপি এই ঘটনার জন্য সরাসরি শাসকদল তৃণমূলকে দায়ী করেছে। অন্যদিকে, তৃণমূল নেতৃত্ব এই অভিযোগ অস্বীকার করে দাবি করেছে, সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিরোধের মুখে পড়েছেন প্রার্থী। কুমারগঞ্জ জুড়ে বর্তমানে ব্যাপক উত্তেজনা রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।