প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-রাজনীতি যে কত বড় অসম্ভবকে সম্ভব করতে পারে এবং ক্ষমতার গদি হারালে দম্ভের ফানুস কীভাবে চুপসে যায়, তিলোত্তমায় তার এক নজিরবিহীন ছবি দেখা গেল শুক্রবার! একসময় যে বাম আর কংগ্রেসের সাইনবোর্ড বাংলা থেকে চিরতরে মুছে ফেলার হুঙ্কার শোনা যেত, রাজ্যে পালাবদলের পর পায়ের তলার মাটি সরতেই এবার সেই আলিমুদ্দিন আর বিধান ভবনের দুয়ারেই কড়া নাড়তে শুরু করল মমতা-তৃণমূল। গতকাল অর্থাৎ ১৩ নভেম্বর (শুক্রবার) বিবাদী বাগে রিজার্ভ ব্যাঙ্কের সামনে প্রয়াত কংগ্রেস নেতা প্রিয়রঞ্জন দাশমুন্সির পূর্ণাবয়ব মূর্তি উন্মোচনের পবিত্র মঞ্চকে কার্যত রাজনৈতিক দরকষাকষির আখড়ায় পরিণত করলেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। মঞ্চে উপস্থিত বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিএম নেতা সুজন চক্রবর্তী এবং প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারদের উদ্দেশে সরাসরি জোটের কাতর আর্জি জানালেন তিনি।
গণ সংস্কৃতি সংসদের উদ্যোগে আয়োজিত এই স্মরণসভার মঞ্চে দাঁড়িয়ে কুণাল ঘোষের গলায় স্পষ্ট ঝরে পড়ল চরম রাজনৈতিক অসহায়তা। তিনি বলেন— রাজ্যের বর্তমান পরিস্থিতিতে আলাদাভাবে ভাবলে চলবে না। সবাই যদি বলেন যে তাঁরা একা লড়াইয়ের পক্ষে, তবে মাঝখান থেকে একটি সাম্প্রদায়িক দল ভোট লুঠ করে চলে যাবে। বাম ও কংগ্রেস নেতৃত্বের দিকে তাকিয়ে তাঁর প্রশ্ন, একসঙ্গে মিলে এদের ঠেকাতে না পারলে কীভাবে তা সম্ভব? শুধুমাত্র স্মৃতিচারণ না করে সবাইকে একজোট হয়ে পথে নামার ডাক দেন তিনি।
এদিনের মঞ্চে বিমান বসু, সুজন চক্রবর্তী, শুভঙ্কর সরকার, প্রদীপ ভট্টাচার্য, আব্দুল মান্নানদের পাশাপাশি হাজির ছিলেন মমতা-তৃণমূলের শোভনদেব চট্টোপাধ্যায়, কুণাল ঘোষ এবং গণতান্ত্রিক তৃণমূলের মদন মিত্র। অনুষ্ঠান শেষে বিমান বসুর পা ছুঁয়ে প্রণামও করতে দেখা যায় কুণালকে। তবে এই দৃশ্য সামনে আসতেই তীব্র কটাক্ষের ঝড় উঠেছে রাজনৈতিক মহলে। বিজেপি নেতৃত্ব এবং রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে— রাজ্যে বর্তমান বিজেপি সরকারের উন্নয়নমুখী কর্মকাণ্ড, সুশাসন এবং বিপুল জনসমর্থনের সামনে একলা লড়ার ক্ষমতা পুরোপুরি হারিয়ে ফেলেছে বিরোধীরা। তাই দীর্ঘ ১৫ বছর ধরে যে বাম ও কংগ্রেস কর্মীদের ওপর তৃণমূল অকথ্য অত্যাচার চালিয়েছে, আজ ক্ষমতা হারিয়ে নিজেদের অস্তিত্ব বাঁচাতে সেই তাঁদেরই হাত ধরতে মরিয়া হয়ে উঠেছে কালীঘাট। ওয়াকিবহাল মহলের কড়া বক্তব্য, মুখে ধর্মনিরপেক্ষতা আর প্রিয়রঞ্জন দাশমুন্সির আদর্শের বুলি আওড়ালেও আসল উদ্দেশ্য হলো যেকোনো প্রকারে বিজেপির উন্নয়নের রথ আটকানো। একদিকে বাম ও কংগ্রেসের শীর্ষ নেতৃত্বও তৃণমূলের এই জোট-প্রস্তাবের মঞ্চে নীরব দর্শক হয়ে বসে থেকে নিজেদের রাজনৈতিক দেউলিয়াপনাই প্রকাশ করে ফেললেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের স্পষ্ট মত, মানুষের কাছে প্রত্যাখ্যাত হওয়া শক্তিগুলি একজোট হলেও তাতে কোনো লাভ হবে না। কারণ বাংলার সাধারণ মানুষ এই সুবিধাবাদী, সুযোগসন্ধানী এবং নীতিহীন ‘মহাগটবন্ধন’-কে কখনোই মেনে নেবে না। এখন দেখার, কুণাল ঘোষের এই জোট-প্রস্তাবে বাম ও কংগ্রেস নেতৃত্ব শেষ পর্যন্ত সাড়া দিয়ে নিজেদের রাজনৈতিক আত্মহত্যার পথ বেছে নেয়, নাকি প্রিয়রঞ্জন দাশমুন্সির স্মরণসভার মঞ্চকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার এই চেষ্টা কেবলই ব্যর্থ আর্জি হয়ে থেকে যায়।