প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- অনেকেই ভাবছেন, যতই বিজেপি হাওয়া তোলার চেষ্টা করুন না কেন, শেষ পর্যন্ত ওই ২০২১ এর মতই খেলে দিয়ে চলে যাবে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। ২০২১ এ এইরকম হাওয়া তোলার চেষ্টা হয়েছিল। কিন্তু দিনের শেষে বহু পরিবর্তনের আশা করলেও, ভোটের ফলাফলে আরও বেশি আসন নিয়ে ক্ষমতায় এসেছিল রাজ্যের শাসক দল। আর এবারেও সেই রকম কিছুই হবে বলে অনেকেই আশা ছেড়ে দিচ্ছেন। তবে আশা ছাড়ছেন না রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজও তিনি যে বক্তব্য রাখলেন, তাতে কিন্তু তার বডি ল্যাঙ্গুয়েজ এবং কথাবার্তার মধ্যে দিয়েই একটা বিষয় স্পষ্ট হয়ে গেল যে, তিনি যথেষ্ট আত্মবিশ্বাসী যে, এবার বিজেপির সরকার হচ্ছেই। এমনকি বিজেপির সরকার হলে এই যাদেরকে দল ভাঙানোর রাজনীতি করে তৃণমূল দলে নিয়ে বিভিন্ন পঞ্চায়েত দখল করেছে, তারা সকলেই পদত্যাগ করবে এবং সেই সমস্ত পঞ্চায়েত তৃণমূলের হাতছাড়া হবে বলেও দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা।
সামনেই ২৬ এর বিধানসভা নির্বাচন। সকলেই ভোটের থেকেও বেশি ভোটের ফলাফলের দিকে তাকিয়ে রয়েছেন। পশ্চিমবঙ্গে এবার যদি পরিবর্তন না হয়, তাহলে যে হিন্দু সনাতনীদের কাছে বড় চ্যালেঞ্জ আসতে চলেছে, তা অনেকেই বুঝতে পারছেন। আর রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় প্রচার কর্মসূচি করে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাংলায় পরিবর্তনের আওয়াজ তুলছেন তিনি। কিন্তু আদৌ পরিবর্তন হবে তো? এই সংশয়ও অনেক মানুষের মধ্যে রয়েছে। আর সেই ব্যাপারেই আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে রীতিমত ওভার কনফিডেন্ট মনোভাব পোষণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানেই তিনি বলেন, “সরকার বিজেপি করছে। লিখে রাখুন। আর তো দুটো মাস। তারপর দেখবেন, সব কিছু পরিষ্কার। আমি আপনাকে বলছি, নন্দীগ্রাম ২০২১ সালে যেটা বুঝেছিল, আজকে সেটা গোটা বাংলা বুঝছে। গোটা বাংলার লোক বলছে, নন্দীগ্রাম ঠিক। এরা তো মুখ্যমন্ত্রীকে ফেলে দিয়ে আমাকে গ্রহণ করেছে। এরা অনেক কিছু পায়নি। পাওয়ার আশাও করে না। কিন্তু শান্তিতে রাখার দায়িত্বটা আমার।”