প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-পশ্চিমবঙ্গের শিল্প মানচিত্রে এক বড়সড় পালক যুক্ত হলো। হুগলির ডানকুনিতে নিজেদের উৎপাদন পরিকাঠামোর ব্যাপক সম্প্রসারণ করতে চলেছে দেশের অন্যতম অগ্রণী বস্ত্র প্রস্তুতকারক সংস্থা লাক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড (লাক্স কোজি)। এই মেগা প্রকল্পের জন্য সংস্থাটি রাজ্যে মোট ৬০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। আজ ডানকুনির এই নতুন ম্যানুফ্যাকচারিং ইউনিটের আনুষ্ঠানিক শিলান্যাস ও উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিনের এই হাই-প্রোফাইল শিল্প কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায় এবং বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ শমীক ভট্টাচার্য। এছাড়া লাক্স গ্রুপের চেয়ারম্যান অশোক কুমার টোডি এবং সাকেত টোডি সহ সংস্থার অন্যান্য শীর্ষ কর্তারা উপস্থিত ছিলেন।

সংস্থা সূত্রে জানানো হয়েছে, ডানকুনির এই দ্বিতীয় ইউনিটের হাত ধরে উৎপাদন ক্ষেত্রে এক বিশাল পরিবর্তন আসতে চলেছে। বর্তমানে এখানে ৮ লক্ষ বর্গফুটের পরিকাঠামো রয়েছে, যার সাথে আরও ১২ লক্ষ বর্গফুট এলাকা নতুন করে যুক্ত করা হচ্ছে। এর ফলে পুরো ক্যাম্পাসটি মোট ২০ লক্ষ বর্গফুটের একটি বিশাল আধুনিক টেক্সটাইল হাবে রূপান্তরিত হতে চলেছে।

এই নতুন স্বয়ংক্রিয় (Automated) প্ল্যান্টটি চালু হলে লাক্স কোজির বার্ষিক উৎপাদন ক্ষমতা এক ধাক্কায় প্রায় তিন গুণ বেড়ে যাবে। বর্তমানে যেখানে বছরে ১২ কোটি পিস পোশাক উৎপাদিত হয়, নতুন পরিকাঠামো তৈরি হওয়ার পর তা বেড়ে দাঁড়াবে ৩৬ কোটি পিসে। রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য এই প্রকল্প অত্যন্ত ইতিবাচক বার্তা নিয়ে এসেছে। এই সম্প্রসারণের ফলে ডানকুনি ও সংলগ্ন এলাকায় প্রত্যক্ষভাবে ৩,০০০ এবং পরোক্ষভাবে আরও প্রায় প্রচুর মানুষের নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। সব মিলিয়ে প্রায় ৯,০০০ মানুষ এর থেকে জীবিকা নির্বাহ করতে পারবেন।

শুধু উৎপাদন বাড়ানোই নয়, পরিবেশের ভারসাম্যের দিকে নজর রেখে এই নতুন কারখানায় ২ মেগাওয়াটের (2 MW) একটি সৌর বিদ্যুৎ প্রকল্প গড়ে তোলা হচ্ছে, যা কারখানার অভ্যন্তরীণ বিদ্যুতের চাহিদা মেটাবে। পাশাপাশি ক্যাম্পাসে একটি আধুনিক গোশালাও তৈরি করা হচ্ছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শিল্পমন্ত্রী তাপস রায় জানান, রাজ্যে বিনিয়োগের এক অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। আগামী দিনে শিল্পায়ন ও কর্মসংস্থানকে আরও ত্বরান্বিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। লাক্স গ্রুপের এই মেগা বিনিয়োগকে স্বাগত জানিয়ে তিনি ইঙ্গিত দেন যে, আগামী দুর্গাপূজার আগেই রাজ্যে আরও ৫টি বড় মাপের শিল্প প্রকল্পের কাজ শুরু হতে চলেছে।