প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর আবহ কাটতে না কাটতেই রাজ্য রাজনীতিতে এক নজিরবিহীন বিস্ফোরণ ঘটালেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। একসময়ের হেভিওয়েট এই রাজনীতিকের চোখে এখন রাজনীতি নিয়ে চরম মোহভঙ্গ এবং আক্ষেপের ছবি স্পষ্ট। সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে চোখে জল নিয়ে তিনি ইঙ্গিত দিয়েছেন সক্রিয় রাজনীতি থেকে সম্পূর্ণ সরে দাঁড়ানোর।

নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনে এমন উৎসবের মরশুম তিনি কখনও দেখেননি বলে দাবি করেছেন। বিজয়ার আবহে আক্ষেপের সুরে মদন মিত্র বলেন, “এত চোখের জল কোনও পুজোয় পড়েনি। আমি চারবারের বিধায়ক, অথচ নিজের কেন্দ্রে যেতে পারলাম না। আতঙ্ক, সন্ত্রাস আর নিরাপত্তাহীনতার জন্য নিজের এলাকায় পা রাখতে পারলাম না।” এলাকা জুড়ে খুনি ও সমাজবিরোধীরা অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে বলে বিস্ফোরক অভিযোগ তোলেন তিনি। এই চরম অসহায়তার মুহূর্তে তিনি মন্তব্য করেন, “এখন বুঝতে পারলাম, ঈশ্বর ছাড়া কেউ আশ্রয় দিতে পারেন না।”

রাজ্যের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে এই বিজয়ায় তিনি দলমত নির্বিশেষে এক বড় বার্তা দিয়েছেন। রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পাশাপাশি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কেও বিজয়ার আন্তরিক শ্রদ্ধা জানিয়েছেন তিনি। তবে বর্তমান রাজনৈতিক ব্যবস্থার পচন নিয়ে কোনো রাখঢাক করেননি। রাজনীতিকে কড়া ভাষায় আক্রমণ করে কামারহাটির বিধায়ক বলেন, “এখন রাজনীতিকে আমি ঘৃণা করি। চালের মধ্যে কাঁকড় বেশি।” বর্তমানে গণতান্ত্রিক তৃণমূলের বিধায়ক হিসেবে পরিচিত মদন মিত্রের এই বিস্ফোরক বয়ান ঘিরে এখন তোলপাড় রাজ্য রাজনীতি। নিজের কেন্দ্রে কর্মী ও সমর্থকদের পাশে দাঁড়াতে না পারার যন্ত্রণা এবং নিরাপত্তাহীনতাই যে তাঁকে এই উৎসবের দিনেও কাঁদিয়েছে, তা তাঁর বক্তব্য থেকেই পরিষ্কার।