প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- ভারতবর্ষের মাটিতে কেউ মন্দির, কেউ মসজিদ করতেই পারেন। তাতে কারওর কোনো অসুবিধা নেই। কিন্তু যে বাবর ভারতবর্ষে আক্রমণ চালিয়েছিল, যে বাবর ভারতবর্ষের মা-বোনেদের অসম্মান করেছিল, ধ্বংস করার চেষ্টা করেছিল এই দেশকে, তার নামে কেন মসজিদ করা হবে? হুমায়ুন কবীর যেদিন প্রথম সেই মসজিদের শিলান্যাস করেন, সেদিন থেকেই এই প্রশ্ন উঠতে শুরু করেছিল। বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে, এর পেছনে তৃণমূল কংগ্রেস রয়েছে। কারণ তারা হুমায়ুন কবীরকে দল থেকে বের করে দিলেও তলায় তলায় এই মসজিদ করার জন্য প্রশ্রয় দিচ্ছে। তবে বিজেপি ক্ষমতায় এলেই যে বাবরের নামে এই মসজিদের বিন্দু বিসর্গ থাকবে না, তা আগেও জানিয়ে দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। আর আজ সেই মসজিদের নির্মাণ কার্য শুরু হতেই চরম হুঁশিয়ারি দিলেন তিনি। শুধু তাই নয়, বাংলার মানুষকে এই কথাও স্মরণ করিয়ে দিলেন শুভেন্দু অধিকারী যে, তৃণমূল সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছেন, ততদিন এইরকম অরাজকতা চলবে। তবে বিজেপি ক্ষমতায় আসলেই বাবরের নামে তৈরি হওয়া এই মসজিদের নাম, নিশান মুছে দেওয়া হবে।
পশ্চিমবঙ্গের বুকে যে সরকারটি রয়েছে, তারা একটি নির্দিষ্ট সম্প্রদায়কে তোষন করছে। আর সেই কারণেই হিন্দুদের বিভিন্ন আচার-আচরণে এই রাজ্যের বুকে বাধা দেওয়া হচ্ছে। এই অভিযোগ বিজেপির দীর্ঘদিনের। বাংলার মানুষকে এবং হিন্দুদেরকে পরিত্রাণ পেতে হলে তৃণমূলকে সরাতে হবে বলেই প্রত্যেকটি কর্মসূচি থেকে সনাতনীদের একত্রিত হওয়ার বার্তা দিচ্ছেন শুভেন্দু অধিকারী সহ বিজেপির অন্যান্য নেতারা। এক্ষেত্রে তৃণমূল সরকার এই রাজ্যের বুকে থাকলে বাবরের মত ধ্বংসাত্মক ব্যক্তির নামেও মসজিদ করার প্রশ্রয় পান হুমায়ুন কবীরের মত মানুষরা। আর তাকে তোল্লা দিতে থাকে এই তৃণমূল কংগ্রেসের প্রশাসন বলেও দাবি করেন বিজেপি নেতারা। আর আজ সেই হুমায়ুন কবীর যখন বাবরি মসজিদের নির্মাণ কার্য শুরু করে দিলেন, ঠিক তখনই আর চুপ করে থাকতে পারলেন না রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
এদিন বাবরি মসজিদে নির্মাণকার্য শুরু হওয়া নিয়ে শুভেন্দুবাবুকে একটি প্রশ্ন করা হয়। আর সেই ব্যাপারে প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি বলেন, “মমতা থাকলেই বাবরের নাম লেখা হবে। হুমায়ুন, ওয়েইসি, নওশাদ আসলেও বাবরের নাম লেখা হবে। বাবর কোনো ভারতীয় নয়। এরা মোগল, পাঠান। এরা ভারতকে আক্রমণ করতে চেষ্টা করেছিল। ভারতের মা-বোনেদের ইজ্জত নেওয়ার চেষ্টা করেছিল। হিন্দু মন্দির বানাবে, মুসলমান মসজিদ বানাবে, এটা নিয়ে কারওর কোনো আপত্তি নেই। কিন্তু বাবরের নামে মসজিদ হওয়া মানে সরাসরি ভারতকে অপমান করা। এইজন্য বিজেপিকে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আনতে হবে। বিজেপি এপ্রিল মাসে সরকার গঠন করার পর এই বাবরের নামে মসজিদের নাম, নিশান সবটাই মুছে ফেলবে।”