প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-আসন্ন ভোটগণনার প্রাক্কালে বড়সড় বিস্ফোরক দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইভিএম মেশিন অদলবদল হয়ে যাওয়ার প্রবল আশঙ্কা প্রকাশ করে তিনি দলীয় কর্মীদের কড়া সতর্কবার্তা দিয়েছেন। এক্স হ্যান্ডেলে (পুরানো নাম টুইটার) একটি ভিডিও বার্তা দিয়ে তিনি স্পষ্ট জানিয়েছেন, দরকারে নিজের এলাকায় তিনি নিজেই রাতপাহারায় নামবেন।
ভিডিও বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, ইভিএম মেশিন যখন স্ট্রং রুম থেকে কাউন্টিং রুমে নিয়ে যাওয়া হবে, তখন মেশিন বদলে দেওয়ার একটি পরিকল্পনা করা হয়েছে। কর্মীদের উদ্দেশ্যে তাঁর কড়া নির্দেশ, “২৯৪ টি কেন্দ্রের প্রার্থীরা আজ থেকেই পাহারা দিন। দিনের বেলা কর্মীদের রাখুন, রাতে নিজেরা থাকুন। অবহেলা করবেন না।” তিনি আরও যোগ করেন, “আমি যদি পাহারা দিতে পারি, আপনারা কেন পারবেন না?”
গণনার দিন যাতে কোনো কারচুপি না হয়, সেজন্য বিশেষ কৌশল বাতলে দিয়েছেন তৃণমূল নেত্রী। তিনি জানিয়েছেন: কাউন্টিং টেবিল বা গণনা কেন্দ্রে দক্ষ এবং যোগ্য ব্যক্তিদের বসাতে হবে।
যতক্ষণ না তিনি নিজে সাংবাদিক বৈঠক করে চূড়ান্ত ঘোষণা করছেন, ততক্ষণ কোনো এজেন্ট বা প্রার্থী যেন কাউন্টিং টেবিল ছেড়ে না বের হন। রাতের পাহারার পর দিনের শিফটকে সঠিকভাবে দায়িত্ব বুঝিয়ে দিয়ে তবেই বিশ্রাম নিতে হবে।
সাধারণত ভোট পরবর্তী সময়ে ইভিএম সুরক্ষা নিয়ে বিরোধীদের সরব হতে দেখা যায়। কিন্তু শাসক দলের নেত্রীর মুখে ‘মেশিন বদলানোর ছক’-এর আশঙ্কা রাজনৈতিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কর্মীদের মনোবল চাঙ্গা রাখতে এবং শেষ মুহূর্ত পর্যন্ত লড়াইয়ে টিকে থাকতেই মমতার এই ‘মাস্টারস্ট্রোক’। এই ভিডিও বার্তা প্রকাশিত হওয়ার পর থেকেই সরগরম হয়ে উঠেছে রাজনৈতিক মহল। প্রশাসনের পক্ষ থেকে অবশ্য ইভিএম সুরক্ষায় ত্রিস্তরীয় নিরাপত্তার আশ্বাস দেওয়া হয়েছে। এখন দেখার, নেত্রীর এই নির্দেশের পর গণনার দিন রাজ্যজুড়ে কী চিত্র ফুটে ওঠে।