প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-উৎসবের রেশ কাটতে না কাটতেই ফের হেঁশেলে আগুন ধরানোর ছক? সাধারণ মানুষের পকেট কাটতে বাজারে আবার সক্রিয় হয়ে উঠেছে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী লবি। আর সেই কারসাজি রুখতে এবার সরাসরি রণংদেহী মেজাজে অবতীর্ণ হলেন রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও কৃষি বিপণন মন্ত্রী দিলীপ ঘোষ। পুজোর আগে প্রশাসনের হস্তক্ষেপে যে চিনির দাম কেজি প্রতি ৫০ টাকায় নামিয়ে আনা হয়েছিল, উৎসব মিটতেই তার দাম অবৈধভাবে বাড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। এই ইস্যুতে অসাধু ব্যবসায়ীদের কার্যত তুলোধোনা করে কড়া প্রশাসনিক পদক্ষেপ এবং বাজারে তল্লাশির কথা ঘোষণা করলেন মন্ত্রী।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ স্পষ্ট বুঝিয়ে দেন, মুনাফাখোরদের কোনোভাবেই রেয়াত করবে না রাজ্য সরকার। তাঁর সোজাসাপ্টা বক্তব্য, “গত ১২ বছর ধরে ভারতবর্ষে যে প্রাইস রাইজ়, অর্থাৎ মূল্যবৃদ্ধি—তা দুনিয়ার যে কোনও দেশের চেয়ে কম। আর এটা ইনডেক্সই বলে দিচ্ছে। এটা ঠিক যে উৎসবের মরসুমে চাহিদা থাকায় দাম একটু বেশি হয়। আমরা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে পুজোর আগে চিনিকে ৫০ টাকায় নামিয়েছিলাম। কিন্তু পুজো শেষ হতেই কিছু ব্যবসায়ী অবৈধভাবে দাম বাড়িয়েছে। এর জন্য তল্লাশিও শুরু হয়ে গিয়েছে।” ব্যবসায়ী মহলকে মানবিক হওয়ার বার্তা দিয়েও কড়া হুঁশিয়ারির সুরে মন্ত্রী আরও বলেন, “আমরা বলেছিলাম দাম অত্যধিক নেবেন না। দরকার হলে লাভ একটু কম হোক, জনতা যেন আনন্দ করতে পারে। কিন্তু যথারীতি আবার সেই লবি শুরু করেছে। যদি কেউ এই ধরনের কাজ করে, তবে সরকার কড়া পদক্ষেপ নেবে।”

বাজার বিশেষজ্ঞ ও সাধারণ ক্রেতাদের পর্যবেক্ষণ অনুযায়ী, গত আগস্ট-সেপ্টেম্বর মাসেও এক শ্রেণির মজুতদারের কারসাজিতে রাজ্যে চিনির দাম কেজি প্রতি ৭০ থেকে ৭৫ টাকা ছুঁয়ে ফেলেছিল। সেই সময়ও আসরে নেমেছিলেন কৃষি বিপণন ও পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। কলকাতার পোস্তা মার্চেন্টস অ্যাসোসিয়েশন, পাইকারি ব্যবসায়ী এবং ভিনরাজ্যের সুগার মিল মালিকদের সঙ্গে দফায় দফায় বৈঠক করে তিনি উৎসবের আগে খুচরো বাজারে চিনির দাম ৫০ টাকার আশপাশে এবং পেঁয়াজের দাম ৩৫ টাকায় নামিয়ে আনতে সক্ষম হয়েছিলেন। ক্রেতা সুরক্ষা বিশেষজ্ঞদের মতে, প্রশাসনের নজরদারি একটু শিথিল হতেই পুরনো কায়দায় কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর চেষ্টা চালাচ্ছে অসাধু চক্র। তবে অতীতের মতো দীর্ঘসূত্রিতা না রেখে, অভিযোগ ওঠামাত্রই মন্ত্রী যেভাবে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ও প্রশাসনের তল্লাশি অভিযানের কথা সামনে এনেছেন, তাতে সাধারণ মধ্যবিত্ত মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

নবান্ন সূত্রে খবর, মন্ত্রীর এই কড়া বার্তার পরই রাজ্যের বিভিন্ন পাইকারি ও খুচরো বাজারে নজরদারি কয়েক গুণ বাড়ানো হয়েছে। মজুতদারি রুখতে এবং ন্যায্য মূল্যে খাদ্যদ্রব্যের জোগান স্বাভাবিক রাখতে জেলা স্তরের আধিকারিকদেরও বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে।
সব মিলিয়ে, সাধারণ মানুষকে মূল্যবৃদ্ধির হাত থেকে বাঁচাতে এবং অসাধু ব্যবসায়ী লবির কোমর ভাঙতে দিলীপ ঘোষের এই ‘জিরো টলারেন্স’ নীতি যে প্রশাসনের সদিচ্ছারই প্রতিফলন, তেমনটাই মত সাধারণ নাগরিক থেকে শুরু করে বাজার অর্থনীতিবিদদের একাংশের।