প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা থেকে সরানোই এখন একমাত্র টার্গেট বিজেপির। আর সেই কারণে তারা পরিবর্তনের লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে। রাত পোহালেই বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ব্রিগেড সমাবেশে তার বক্তব্য শোনার জন্য অপেক্ষায় রয়েছেন বিজেপি কর্মীরা তো বটেই, গোটা রাজ্যবাসীও। ভোট ঘোষণার আগে প্রধানমন্ত্রীর এই সভা যে বড় চমকপ্রদ সভা হতে চলেছে, সেই সম্পর্কে দ্বিমত নেই কারও মধ্যেই। আর এই পরিস্থিতিতে দিল্লি থেকেই বিজেপির রাজ্য সভাপতিকে সঙ্গে নিয়ে এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই ব্রিগেড সভাতেই যে সমস্ত চমক রয়েছে, তা জানিয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
ইতিমধ্যেই বিজেপি নির্বাচনের সব রকম প্রস্তুতি শুরু করে দিয়েছে। তারা খুব ভালো মতই ২০২১ এর কোনোরকম খামতি নিজেদের মধ্যে না রেখে সব রকম ত্রুটি, বিচ্যুতি দূরে রেখে সাংগঠনিক প্রস্তুতি নিতে শুরু করেছে। যাতে প্রত্যেকটি আসনে তৃণমূল কংগ্রেসকে চাপে রাখা যায়। বিজেপি কার্যত আত্মবিশ্বাসী যে, তারা এবার ক্ষমতায় আসতে চলেছে। ইতিমধ্যেই তারা জেলায় জেলায় পরিবর্তন যাত্রা সম্পন্ন করেছে। এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ব্রিগেডে জনসভা করে নির্বাচনের প্রচারের বৃহত্তর সুর বেঁধে দেবেন বলেই আশাবাদী গোটা বিজেপি পরিবার। আর প্রধানমন্ত্রীর এই ব্রিগেড সমাবেশ যে বড় চমকের রূপ নিতে চলেছে এবং রাষ্ট্রবাদী সনাতনীদের বৃহত্তর জনসমাবেশ দেখতে চলেছে রাজ্য, সেই কথাই জানিয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
গতকাল দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের বিরোধী দলনেতা। আর সেখানেই তিনি বলেন, “চমক একটাই। ব্রিগেডে এবার ঐতিহাসিক সমাবেশ। অতীতের সব রেকর্ড ভেঙে একটা বড় সমাবেশ হবে। রাষ্ট্রবাদীদের গর্জন শুনবেন। ২৬ এর নির্বাচন। তৃণমূলের বিসর্জন।”