প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-বাঙালির চিরায়ত সামাজিক কাঠামোয় ‘বৌদি’ কিংবা ‘ভাবি’ ডাকটির সঙ্গে জড়িয়ে থাকে এক অদ্ভুত স্নেহ, শ্রদ্ধা আর পারিবারিক আবদারের মেলবন্ধন। গ্রামবাংলা থেকে শহর—পাড়ার চেনা-অচেনা সম্পর্কগুলোও এই একটি ডাকেই মুহূর্তে আপন হয়ে ওঠে। কিন্তু সেই চিরপরিচিত সামাজিক সম্বোধনকেই এবার কাঠগড়ায় তুললেন মুর্শিদাবাদের এক বিজেপি নেতা। প্রকাশ্য জনসভা থেকে রীতিমতো ফতোয়া জারি করে তাঁর নিদান, পরিবার ছাড়া বাইরের কাউকে ‘বৌদি’ বা ‘ভাবি’ বলে ডাকা চলবে না। আর এই মন্তব্য ঘিরেই এখন সরগরম রাজ্য রাজনীতি থেকে শুরু করে সাধারণ মানুষের ড্রয়িংরুম।

ঘটনার সূত্রপাত মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার ভবানীপুর এলাকায়। সম্প্রতি সেখানে আয়োজিত একটি প্রকাশ্য সভায় বক্তব্য রাখতে গিয়ে বিতর্কের জন্ম দেন বিজেপির দক্ষিণ মুর্শিদাবাদ জেলার সাংগঠনিক সম্পাদক বিষ্ণুচরণ শিকদার। মঞ্চ থেকে মাইক হাতে নিয়ে তিনি সরাসরি দাবি করেন, সমাজের যাবতীয় অবক্ষয় ও ‘নোংরামি’র মূলে রয়েছে এই তথাকথিত ‘বৌদি’ ও ‘ভাবি’ কালচার। তাঁর সাফ কথা, ‘‘আপন মামাতো বা পিসতুতো দেওর ছাড়া অন্য কেউ কাউকে বৌদি বা ভাবি বলে ডাকতে পারবে না। এই বৌদি কালচার সমাজ থেকে খতম করতে হবে।’’ এখানেই থেমে থাকেননি ওই বিজেপি নেতা। সম্পর্কের নতুন ব্যাকরণ শেখাতে গিয়ে তিনি পরামর্শ দেন, বয়সে বড় হলে মহিলাদের ‘দিদি’ বলে ডাকতে হবে, আর বয়সে ছোট হলে ‘বোন’ বলে সম্বোধন করতে হবে। এমনকি সামাজিক মেলামেশার গণ্ডি টেনে তিনি এমন নিদানও দেন যে, কোনো বন্ধুকে নিজের বাড়িতে ডাকা যাবে না। সোশ্যাল মিডিয়ায় এই বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে তীব্র বিতর্ক।

রাজনীতির কারবারিরা বলছেন, সমাজ সংস্কারের মোড়কে বিষ্ণুচরণ শিকদার যে তত্ত্ব খাড়া করেছেন, তা কেবল অবাস্তবই নয়, বরং বাঙালির চিরন্তন সামাজিক ও পারিবারিক ঐতিহ্যের পরিপন্থী। ওয়াকিবহাল মহলের মতে, যেখানে রাজ্যের বর্তমান শাসক দল বাংলায় উন্নয়ন, সুশাসন ও আধুনিকতার বার্তা নিয়ে মানুষের কাছে পৌঁছাতে চাইছে, সেখানে একজন জেলা স্তরের নেতার এমন পশ্চাৎপদ ও নীতিপুলিশি (Moral Policing) মন্তব্য দলের ভাবমূর্তিকেই অস্বস্তিতে ফেলছে। সমাজতাত্ত্বিক ও বিশিষ্টজনদের একাংশের মতে, কোনো সম্পর্কের পবিত্রতা বা সামাজিক শালীনতা কোনো নির্দিষ্ট সম্বোধনের ওপর নির্ভর করে না, তা নির্ভর করে মানুষের মানসিকতা ও দৃষ্টিভঙ্গির ওপর। ‘বৌদি’ বা ‘ভাবি’র মত একটি নিখাদ স্নেহশীল ডাককে যেভাবে ঢালাওভাবে কালিমালিপ্ত করা হয়েছে, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং রুচিহীনতার পরিচয় বলেই মনে করছেন সাধারণ মানুষ। ইতিমধ্যেই বিরোধী শিবিরের নেতারা এই মন্তব্যকে হাতিয়ার করে আসরে নেমেছেন। এমনকি, বিতর্কের আঁচ বাড়তেই গেরুয়া শিবিরের অন্দরেও এই মন্তব্য নিয়ে তৈরি হয়েছে প্রবল অস্বস্তি; দলগতভাবে এই বক্তব্যের দায় এড়িয়ে দূরত্ব বজায় রাখার পথেই হেঁটেছে জেলা নেতৃত্ব। সব মিলিয়ে, সমাজ শোধরাতে গিয়ে হরিহরপাড়ার ওই বিজেপি নেতা নিজেই এখন জনমানসে সমালোচনার কেন্দ্রবিন্দুতে।