প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-রাজ্য বিধানসভায় ওবিসি (OBC) সংরক্ষণ কাঠামো পুনর্গঠন সংক্রান্ত দুটি সংশোধনী বিল পাস হলেও, তা নিয়ে তীব্র ক্ষোভ উগরে দিলেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (ISF) বিধায়ক নৌশাদ সিদ্দিকি। বাজেট অধিবেশনের শেষ দিনে এই বিলের বিরোধিতায় সরব হয়ে সরকারের নীতি নিয়ে বড়সড় প্রশ্ন তুললেন ভাঙ্গরের এই বিধায়ক। তাঁর স্পষ্ট অভিযোগ, নতুন ব্যবস্থার মাধ্যমে আসলে ওবিসিদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে।
বিধানসভার অন্দরে ওবিসি বিলের তীব্র বিরোধিতা করে নৌশাদ সিদ্দিকি বলেন, এই নতুন বিলের আড়ালে ওবিসি সম্প্রদায়ের মানুষের সঙ্গে বড়সড় বঞ্চনা করা হচ্ছে। তাঁর দাবি, যেভাবে সংরক্ষণ কাঠামো বদলানো হচ্ছে, তাতে আখেরে ওবিসিদের বর্তমান সংরক্ষণ অনেকটাই কমে যাবে।
আইএসএফ বিধায়ক ইঙ্গিত দেন যে, সঠিক আইনি দূরদর্শিতা ছাড়া তাড়াহুড়ো করে এই বিল পাস করানোর ফলে আগামী দিনে ওবিসি সম্প্রদায়ের যুবকেরা চাকরি ও শিক্ষার ক্ষেত্রে বড়সড় আইনি জটিলতায় পড়তে পারেন। ভোটের রাজনীতির ফায়দা তুলতে গিয়ে ওবিসিদের ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ তোলেন তিনি। রাজ্য সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে বিধানসভার ভেতরেই নিজের আপত্তির কথা স্পষ্ট জানিয়ে দেন ভাঙ্গরের বিধায়ক।