প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- ২০২৬-এর হাইভোল্টেজ বিধানসভা নির্বাচনের আগে নবান্নে বড়সড় প্রশাসনিক রদবদল। রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলে দিয়ে একযোগে প্রায় ২৩ থেকে ২৬টি গুরুত্বপূর্ণ সরকারি কমিটি ও উন্নয়ন পর্ষদের পদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন থেকে প্রকাশিত একটি প্রশাসনিক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

সূত্রের খবর, আসন্ন নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়ার আগে কোনো প্রকার আইনি জটিলতায় জড়াতে চাইছেন না মুখ্যমন্ত্রী। ভারতীয় সংবিধানের ‘অফিস অফ প্রফিট’ (Office of Profit) বা ‘লাভজনক পদ’ সংক্রান্ত কড়া নিয়ম অনুযায়ী, কোনো জনপ্রতিনিধি সরকারি সুযোগ-সুবিধা সম্বলিত অতিরিক্ত পদে থেকে নির্বাচনে লড়তে পারেন না। অতীতেও এই আইনি গ্যাঁড়াকলে পড়ে অনেক হেভিওয়েট নেতার সদস্যপদ খারিজ হওয়ার নজির রয়েছে। সেই আশঙ্কায় স্বাস্থ্য, শিল্প ও পরিকাঠামো উন্নয়নের মত গুরুত্বপূর্ণ কয়েক ডজন কমিটির চেয়ারম্যান বা সদস্য পদ থেকে তিনি সরে দাঁড়ালেন বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

নির্বাচনের ঠিক আগে মুখ্যমন্ত্রীর এই ‘গণ-ইস্তফা’ নিয়ে বিরোধী শিবিরে গুঞ্জন শুরু হয়েছে। গেরুয়া শিবিরের একাংশের দাবি, নির্বাচন কমিশনের কঠোর নজরদারি এবং আইনি প্যাঁচ থেকে বাঁচতেই এই ‘সেফ প্যাসেজ’ খুঁজছেন মুখ্যমন্ত্রী। তবে প্রশাসনের দাবি, এটি একটি নিয়মিত আইনি প্রক্রিয়া এবং নির্বাচনের আগে স্বচ্ছতা বজায় রাখতেই এই পদক্ষেপ।

নবান্ন সূত্রের খবর, মুখ্যমন্ত্রী এই পদগুলো ছাড়লেও রাজ্যের প্রশাসনিক প্রধান বা মুখ্যমন্ত্রী হিসেবে তিনি সপদে বহাল আছেন। এই পদত্যাগের ফলে যাতে সরকারি কাজে কোনো অচলাবস্থা তৈরি না হয়, তার জন্য দ্রুত বিকল্প ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।