প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-পালাবদলের পর বাংলার মানুষ চেয়েছিলেন এক স্বচ্ছ, ভয়মুক্ত ও উন্নয়নমুখী প্রশাসন। কিন্তু ক্ষমতার অলিন্দে বসে দলের নাম ভাঙিয়ে কেউ যদি পুরোনো জমানার মতোই বাড়াবাড়ি বা ‘তোলাবাজি’র পথে হাঁটেন, তবে আমজনতা যে আর মুখ বুজে তা মেনে নেবে না— তারই এক জ্বলন্ত নজির দেখা গেল উত্তর ২৪ পরগনার কদম্বগাছিতে। নিকাশি নালা পাকা করার মত জনস্বার্থমূলক কাজে বাধা দিয়ে তোলা চাওয়ার অভিযোগে এক স্থানীয় বিজেপি কর্মীকে ঘিরে ধরে রীতিমতো তাড়া করে মারধর করলেন ক্ষুব্ধ গ্রামবাসীরা। রবিবার (১৫ নভেম্বর ২০২৬) দত্তপুকুর থানার অন্তর্গত কদম্বগাছি এলাকার এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকায় দীর্ঘদিনের জলজমার সমস্যা মেটাতে একটি পাকা নিকাশি নালা নির্মাণের কাজ চলছিল। কাজের দায়িত্বে থাকা ঠিকাদার আব্বাস আলির অভিযোগ, স্থানীয় বিজেপি কর্মী সাধন মণ্ডলের নেতৃত্বে একদল লোক তাঁর কাছ থেকে কাজের মোট মূল্যের ৮ শতাংশ কাটমানি বা তোলা দাবি করেন। শুধু নগদ টাকা দাবি করেই ক্ষান্ত হননি তাঁরা, নির্মাণ কাজের সমস্ত ইমারতি সামগ্রীও তাঁদের নির্দিষ্ট জায়গা থেকেই কিনতে হবে বলে চাপ দেওয়া হয় বলে অভিযোগ। ঠিকাদারের দাবি, তিনি ওই অবৈধ দাবি মানতে অস্বীকার করায় নিকাশি নালার কাজ জোর করে বন্ধ করে দেওয়া হয়। এমনকী তাঁকে টোটোতে তুলে মধুপুর এলাকায় নিয়ে গিয়ে কাটমানি না দিলে কাজ করতে না দেওয়ার হুমকিও দেওয়া হয়েছিল বলে অভিযোগ উঠেছে। উন্নয়নের কাজ এভাবে মাঝপথে থমকে যেতেই ধৈর্যের বাঁধ ভাঙে স্থানীয় বাসিন্দাদের। তোলাবাজির খবর গ্রামে ছড়িয়ে পড়তেই জোটবদ্ধ হয়ে পথে নামেন সাধারণ মানুষ। অভিযুক্ত বিজেপি কর্মী সাধন মণ্ডলকে হাতের কাছে পেতেই ঘিরে ধরেন উত্তেজিত জনতা। প্রাণ বাঁচাতে তিনি দৌড় দিলে গ্রামবাসীরা তাঁকে তাড়া করে ধরে বেধড়ক মারধর করেন বলে জানা গিয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দত্তপুকুর থানার কদম্বগাছি ফাঁড়ির বিশাল পুলিশ বাহিনী। উত্তেজিত জনতার রোষ থেকে অভিযুক্তকে উদ্ধার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। যদিও তোলা বা কাটমানি চাওয়ার সমস্ত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন অভিযুক্ত বিজেপি কর্মী সাধন মণ্ডল। তাঁর পাল্টা সাফাই, রাজনৈতিক চক্রান্ত করে তাঁকে ফাঁসানো হচ্ছে এবং তিনি কোনো টাকা চাননি।

ওয়াকিবহাল মহলের মতে, কদম্বগাছির এই ঘটনা নিছক একটি বিচ্ছিন্ন অশান্তি নয়, বরং এটি ক্ষমতাসীন দলের নিচুতলার একশ্রেণির কর্মীদের জন্য এক বড়সড় সতর্কবার্তা। মাত্র চব্বিশ ঘণ্টা আগেই দমদমের সভা থেকে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য দলের কর্মীদের উদ্দেশ্যে কড়া নিদান দিয়েছিলেন— দলের নাম ও পতাকা কলুষিত করে কেউ অরাজকতা বা তোলাবাজি করলে সরাসরি থানায় এফআইআর (FIR) করতে হবে। অন্যদিকে, অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তও রাজ্যে তোলাবাজি নির্মূল করার প্রয়োজনীয়তার কথা প্রকাশ্যে স্বীকার করেছেন। রাজনীতির কারবারিরা বলছেন, বিগত জমানার যে ‘সিন্ডিকেট রাজ’ ও ‘কাটমানি’র অত্যাচারের বিরুদ্ধে মানুষ রায় দিয়েছিলেন, সেই একই রোগ নতুন জমানায় মাথাচাড়া দিলে সাধারণ মানুষ যে নিজেরাই তার প্রতিরোধ গড়ে তুলবেন, কদম্বগাছির জনরোষ সেই স্পষ্ট বার্তাই দিয়ে গেল। ক্ষমতায় এসে কেউ সীমা ছাড়ালে বা অন্যায় করলে মানুষ যে আর ছেড়ে কথা বলবে না, তা এই ঘটনায় আরও একবার প্রমাণিত হলো।