প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-উন্নয়নের রাজনীতি কাকে বলে, আর রাজনৈতিক সদিচ্ছা থাকলে বছরের পর বছর ধরে ঝুলে থাকা মেগা প্রকল্প কীভাবে চোখের পলকে বাস্তবায়িত হয়—তার এক অনন্য নজির দেখতে চলেছে তিলোত্তমা। আগামী ২১ নভেম্বর (শনিবার) একদিনের সরকারি সফরে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, এদিন প্রধানমন্ত্রীর হাত ধরেই বহু প্রতীক্ষিত নিউ গড়িয়া-সেক্টর ফাইভ (অরেঞ্জ লাইন) মেট্রোর সম্প্রসারিত অংশের আনুষ্ঠানিক উদ্বোধন হতে চলেছে। পাশাপাশি রেল ও পরিকাঠামো সংক্রান্ত একগুচ্ছ যুগান্তকারী প্রকল্পের উদ্বোধন ও ঘোষণা করবেন তিনি। ওয়াকিবহাল মহলের মতে, ‘বিকশিত ভারত’-এর স্বপ্নকে বাস্তবায়িত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভাবে দেশের পরিকাঠামোগত মানচিত্রকে বদলে দিচ্ছেন, তারই এক উজ্জ্বল প্রতিফলন ঘটতে চলেছে আগামী ২১ নভেম্বর। দীর্ঘদিন ধরেই বাংলার উন্নয়নের প্রতি প্রধানমন্ত্রীর বিশেষ নজর এবং আন্তরিকতা বারবার প্রশংসিত হয়েছে। এবার কলকাতার বুকে দাঁড়িয়ে তিনি যে উপহার দিতে চলেছেন, তা আগামী কয়েক দশকের জন্য এই শহরের যাতায়াত ব্যবস্থার সংজ্ঞাই বদলে দেবে।
কবি সুভাষ (নিউ গড়িয়া) থেকে জয় হিন্দ বিমানবন্দর পর্যন্ত বিস্তৃত অরেঞ্জ লাইন মেট্রোর কাজে সবচেয়ে বড় কাঁটা হয়ে দাঁড়িয়েছিল চিংড়িহাটা মোড়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পূর্ববর্তী সরকারের আমলে প্রায় দেড় বছর ধরে ট্রাফিক ব্লক ও প্রশাসনিক অনুমতি না মেলায় জনস্বার্থবাহী এই প্রকল্পের কাজ কার্যত হিমঘরে চলে গিয়েছিল। কিন্তু গত মে মাসে রাজ্যে রাজনৈতিক পালাবদল ঘটে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরই সেই অচলাবস্থা কাটে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘গতিশক্তি’ (PM Gati Shakti) ভিশন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিখুঁত সমন্বয়ে মাত্র ১২০ ঘণ্টারও কম সময়ে (দু’দফায় ৬০ ঘণ্টা করে) চিংড়িহাটার ৩১৭ থেকে ৩১৯ নম্বর পিলারের মধ্যে ৬২ মিটার দীর্ঘ ভায়াডাক্ট বসানোর অসম্ভব কাজ সম্পন্ন করে রেল বিকাশ নিগম লিমিটেড (RVNL)। ইতিমধ্যেই বেলেঘাটা থেকে সেক্টর ফাইভের আইটি সেন্টার পর্যন্ত ৪.৫ কিলোমিটার অংশে সফলভাবে ট্রায়াল রানও শেষ হয়েছে। এই অংশটি চালু হলে গৌরকিশোর ঘোষ, নলবন এবং আইটি সেন্টার—এই তিনটি নতুন স্টেশন যুক্ত হবে, যা প্রতিদিন লক্ষ লক্ষ অফিসযাত্রী, ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষের যাতায়াতে এক নতুন যুগের সূচনা করবে।
প্রশাসনিক ও বিজেপি সূত্রে জানা গিয়েছে, আগামী ২১ নভেম্বর সকাল ৯টা ৫০ মিনিট নাগাদ বিশেষ বিমানে কলকাতা বিমানবন্দরে অবতরণ করবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে সরাসরি সরকারি কর্মসূচির মঞ্চে পৌঁছবেন তিনি। এই মেগা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে মঞ্চে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপি সভাপতি তথা সাংসদ শমীক ভট্টাচার্য এবং একাধিক কেন্দ্রীয় মন্ত্রী। উল্লেখ্য, গত অক্টোবর মাসেই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের উপস্থিতিতে এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অনুরোধ জানিয়েছিলেন যাতে প্রধানমন্ত্রী দ্রুত সময় দিয়ে বেলেঘাটা-সেক্টর ফাইভ মেট্রোর উদ্বোধন করেন। বাংলার মানুষের সুবিধার কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রীর সেই অনুরোধে সাড়া দিয়েই আগামী ২১ নভেম্বর কলকাতায় আসছেন নরেন্দ্র মোদী। সূত্রের খবর, এদিন মেট্রো ও রেলের প্রকল্প ছাড়াও রাজ্যের আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের সূচনা ও ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বিগত জমানায় কেন্দ্রের সঙ্গে রাজ্যের সংঘাতের আবহে বাংলার মানুষ যে উন্নয়নের সুফল থেকে বঞ্চিত হচ্ছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ‘ডাবল ইঞ্জিন’ সরকারের হাত ধরে সেই বঞ্চনার অবসান ঘটছে। ২১ নভেম্বরের এই সফর যে বাংলার পরিকাঠামোগত বিপ্লবকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে, তা বলাই বাহুল্য।