প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- নবান্নের সঙ্গে নির্বাচনের আগে এসআইআর ইস্যুকে কেন্দ্র করে রীতিমত সংঘাত তৈরি হয়েছে নির্বাচন কমিশনের। আর এই পরিস্থিতিতে এবার সিইও দপ্তরের পক্ষ থেকে চিঠি দেওয়া হলো রাজ্যকে। যেখানে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরকে একটি চিঠি দেওয়া হয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের পক্ষ থেকে। যে চিঠিতে রীতিমত সময়সীমা বেঁধে দিয়ে নির্বাচনের আগে পুলিশের বদলি এবং পোস্টিং সম্পন্ন করার কথা জানানো হয়েছে।
প্রসঙ্গত, রাজ্যে বর্তমানে এসআইআর প্রক্রিয়া চলছে। আর তার মাঝেই খুব দ্রুত বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে যেতে পারে বলেই মনে করা হচ্ছে। স্বাভাবিক ভাবেই গোটা পরিস্থিতি নিয়ে কবে নির্বাচন ঘোষণা হবে, তার দিকে সকলে তাকিয়ে রয়েছেন। আর তার মধ্যেই এবার পুলিশের বদলি সংক্রান্ত বিষয় নিয়ে রাজ্যের স্বরাষ্ট্র সচিবকে চিঠি দিলো সিইও দপ্তর। যাকে কেন্দ্র করে রীতিমত গুঞ্জন তৈরি হয়েছে বিভিন্ন মহলে।
সূত্রের খবর, এদিন রাজ্যের সিইও দপ্তরের পক্ষ থেকে রাজ্য স্বরাষ্ট্র সচিবকে একটি চিঠি দেওয়া হয়েছে। যেখানে সেই চিঠিতে জানানো হয়েছে যে, আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে পুলিশের যাবতীয় বদলি এবং পোস্টিং সংক্রান্ত বিষয় সম্পন্ন করতে হবে। অর্থাৎ নির্বাচনের আগে পুলিশের বদলি সংক্রান্ত কোনো বিষয় থাকলে তা এই নির্ধারিত দিনের মধ্যেই সেরে ফেলার নির্দেশ দিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। স্বাভাবিকভাবেই রাজ্যের কাছে এই চিঠি আসার পর একটা বিষয় স্পষ্ট হয়ে যাচ্ছে যে, খুব দ্রুত রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতে চলেছে। সব মিলিয়ে সিইও দপ্তরের চিঠি আসার পর এবার পুলিশের বদলি এবং পোস্টিং সংক্রান্ত বিষয়গুলি কত দ্রুত সেরে ফেলতে পারে রাজ্য, সেদিকেই নজর থাকবে সকলের।