প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
২৬ এর বিধানসভা নির্বাচনের সময় যত এগিয়ে আসছে, ততই বাজছে রাজ্য রাজনীতিতে উত্তেজনার পারদ। এক দল অপর দলকে উদ্দেশ্য করে একের পর এক আক্রমণাত্মক মন্তব্য করছেন। প্রত্যেকদিন উঠে আসছে বিভিন্ন রকম মন্তব্য। তৃণমূল কংগ্রেসের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিভিন্ন রকম অভিযোগে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে বিজেপি নেতারা। বিভিন্ন রকম প্রাকৃতিক সম্পদ ধ্বংস করে কলকাতায় টাকা পাঠাচ্ছেন জেলার তৃণমূল নেতারা বলে এর আগেও অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর আজ বীরভূমে প্রত্যেক মাসে ৫২ কোটি টাকা করে তোলা নিয়ে যায় ভাইপো বলে মারাত্মক অভিযোগ করলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ।

২৬ এর নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে বিজেপি যে প্রধান অস্ত্র হিসেবে দুর্নীতিকেই কাজে লাগাবে, তা বলার অপেক্ষা রাখে না। বেকার যুবক যুবতীদের হাহাকার থেকে শুরু করে প্রত্যেকটি নিয়োগের ক্ষেত্রেই দুর্নীতির বিষয়টিকে প্রচারের কাজে তারা তৃণমূলের বিরুদ্ধে সব থেকে বেশি ব্যবহার করবে, সেই নিয়ে কোনো সন্দেহ নেই বিশেষজ্ঞদের মধ্যে। প্রতিনিয়ত তৃণমূল নেতাদের বিরুদ্ধে দুর্নীতির তথ্য তুলে ধরেন বিজেপি নেতারা। এক্ষেত্রে ২৫ এবং ৭৫ এর ভাগ কিভাবে কলকাতায় যায়, সেই নিয়েও খোঁচা দিকে দেখা যায় গেরুয়া শিবিরের নেতাদের। আর এবার বীরভূমে কি চলছে এবং কিভাবে সেই টাকা কলকাতায় পৌঁছে যাচ্ছে, সেই সম্পর্কে ভয়ংকর তথ্য ফাঁস করলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ।

এদিন বীরভূমে সাংবাদিকদের মুখোমুখি হন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। আর সেখানেই ভয়ংকর মন্তব্য করেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে এই বিজেপি সাংসদ বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে এতটাই জাতি নিয়ে রাজনীতি করেছেন যে, তিনি সনাতনী সমাজকে ধ্বংস করছেন। মুসলিম সমাজ এবং যুব সমাজকেও ধ্বংস করছেন। উনি ভারত থেকে পশ্চিমবঙ্গকে আলাদা করতে চাইছেন। ওনার তো ইচ্ছে রয়েছে প্রধানমন্ত্রী হওয়ার। ভাইপো ভাষণ দিয়েছে, প্রধানমন্ত্রী হওয়ার। আর এই ভাইপো প্রত্যেক মাসে বীরভূম থেকে ৫২ কোটি টাকা তুলে নিয়ে যায়।”