প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-সাধারণ মানুষের হাঁটার অধিকার এবং শহরের পরিচ্ছন্নতা নিশ্চিত করতে সাতসকালেই সল্টলেকের রাজপথে নেমে পড়লেন রাজ্যের নতুন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) সকালে সল্টলেকের একাধিক ব্লকে ঝটিতি পরিদর্শনে যান মন্ত্রী। সেখানে ফুটপাত ও রাস্তা বেআইনিভাবে দখল করে রাখা এবং যত্রতত্র আবর্জনা ছড়ানোর চিত্র দেখে চরম ক্ষোভ প্রকাশ করেন তিনি। এরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রীতিমতো মাইক হাতে নিয়ে কড়া বার্তা ও হুঁশিয়ারি দিতে দেখা যায় পুরমন্ত্রীকে।

পরিদর্শনের সময় সল্টলেকের একটি নির্মীয়মাণ বাড়ির সমস্ত বালি, ইট ও সুরকি পুরো ফুটপাত জুড়ে ডাঁই করে রাখা থাকতে দেখেন অগ্নিমিত্রা পাল। এতে পথচারীদের চলাচলের চরম অসুবিধা হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন তিনি। সংশ্লিষ্ট ব্যক্তিকে ডেকে মন্ত্রী স্পষ্ট ভাষায় ধমক দিয়ে বলেন, “এটা ফুটপাত, জিনিসপত্র রেখে কাজ করা উচিত নয়। মাথায় আক্কেল নেই? আজ রাতের মধ্যেই এটা পরিষ্কার হওয়া চাই। আমি নিজে রিপোর্ট দেখব।” একই সঙ্গে সল্টলেকের বিভিন্ন ব্লকের ফুটপাতে যত্রতত্র বেআইনি পার্কিং কোনোভাবেই বরদাস্ত করা হবে না জানিয়ে মন্ত্রী বলেন, রাস্তা ও ফুটপাত সাধারণ মানুষের সুরক্ষার কথা মাথায় রেখে অবিলম্বে ফাঁকা করতে হবে।

শহরকে পরিচ্ছন্ন রাখতে বর্তমান বিজেপি সরকার যে জিরো টলারেন্স নীতি নিয়েছে, তা আজ সল্টলেকের প্রচার থেকে স্পষ্ট করে দিয়েছেন অগ্নিমিত্রা পাল। মাইক হাতে তিনি স্পষ্ট জানান, যেখানে-সেখানে জঞ্জাল বা আবর্জনা ফেলা হলে কড়া আইনি পদক্ষেপ নেওয়া হবে এবং নিয়মভঙ্গকারীদের মোটা টাকা জরিমানা করা হবে।

এদিন সল্টলেকের বিভিন্ন রাস্তা ও আবাসিক এলাকা পরিক্রমা করার পাশাপাশি বিধাননগরের বিখ্যাত সিএ মার্কেটে (CA Market) আচমকা পরিদর্শনে যান পুর ও নগরোন্নয়ন মন্ত্রী। বাজারের ভেতর স্যানিটেশন ব্যবস্থা ও সামগ্রিক পরিচ্ছন্নতা খতিয়ে দেখেন তিনি। এর আগে কলকাতার অন্যান্য বাজারে অপরিচ্ছন্নতার কারণে ক্ষোভ প্রকাশ করলেও, আজ সিএ বাজারের সুষ্ঠু পরিবেশ ও ব্যবসায়ীদের সচেতনতা দেখে সন্তোষ প্রকাশ করেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং সেখানে একটি ভেন্ডিং মেশিনের উদ্বোধন করেন। রাজ্যের নতুন প্রশাসনের এই অন-স্পট অ্যাকশন ও কড়া মনিটরিংয়ের ফলে সল্টলেক তথা সমগ্র কলকাতার নাগরিক পরিষেবায় এক বড়সড় বদল আসতে চলেছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।