প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
বাবা বামফ্রন্ট সরকারের আমলে হেভিওয়েট মন্ত্রী ছিলেন। আরএসপি দলের নেতা ছিলেন। আর সেই রকম একটি বামপন্থী পরিবার থেকে উঠে আসা ব্যক্তিই আজ যোগদান করলেন ভারতীয় জনতা পার্টিতে। বিধানসভা নির্বাচনের আগে বিজেপি এবার ২০২১ এর মত সবাইকেই দলে নিচ্ছে না। তবে এক্ষেত্রে বাছাই করেই যে দলে নেওয়া হবে এবং সবাইকেই যে রাজ্য পার্টি অফিস থেকে যোগদান করানো হবে না, সেই খবর অনেকদিন আগেই পাওয়া গিয়েছিল। তবে আজ রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে বিজেপিতে হলো মেগা যোগদান।

২৬ এর বিধানসভা নির্বাচনের আগে ক্রমশ বদলাচ্ছে বঙ্গ রাজনীতির সমীকরণ। প্রতিনিয়ত দল ভাঙার খেলার খবর সামনে আসছে‌। গতকালই খবর পাওয়া গিয়েছিল যে, প্রতিকুর রহমান দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন। এখন আবার শোনা যাচ্ছে, তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করতে পারেন। আর এই পরিস্থিতিতে আজ বিজেপিতে বড় মাপের যোগদান হয়ে গেল। যেখানে বামফ্রন্ট সরকারের প্রাক্তন মন্ত্রী প্রয়াত ক্ষিতি গোস্বামীর কন্যা যোগদান করলেন গেরুয়া শিবিরে।

সূত্রের খবর, এদিন বিজেপিতে একটি যোগদান পর্ব অনুষ্ঠিত হয়। যেখানে রাজ্যের প্রয়াত প্রাক্তন মন্ত্রী ক্ষিতি গোস্বামীর মেয়ে কস্তুরী গোস্বামী বিজেপিতে যোগদান করেন। যেখানে তার হাতে দলীয় পতাকা তুলে দেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এছাড়াও এই যোগদান পর্বে উপস্থিত ছিলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়, বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ সহ অন্যান্যরা। বলা বাহুল্য, ক্ষিতি গোস্বামীর আরও এক কন্যা বসুন্ধরা গোস্বামী তৃণমূলের টিকিটে পৌরসভা নির্বাচনে লড়াই করেছিলেন। বর্তমানে তিনি তৃণমূলের কাউন্সিলর বলেই খবর। তবে সেই পরিবার থেকেই উঠে আসা তার বোন এবার বিজেপিতে যোগদান করলেন। যার ফলে আগামী দিনে বিজেপি এই প্রাক্তন মন্ত্রীর কন্যাকে সংগঠনের ক্ষেত্রে কোনো কাজে লাগায় কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।