প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-পশ্চিমবঙ্গ বিধানসভার হাইপ্রোফাইল নন্দীগ্রাম এবং রেজিনগর আসনের উপনির্বাচন মিটতেই ফলাফল নিয়ে এক অত্যন্ত আত্মবিশ্বাসী ও বিস্ফোরক দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। সাধারণত ভোটের ফল প্রকাশের আগে দলগুলি সাবধানে পা ফেললেও, শমীকবাবু সম্পূর্ণ উল্টো পথে হেঁটে এক নজিরবিহীন রাজনৈতিক ভবিষ্যৎবাণী করেছেন, যা নিয়ে বর্তমানে তোলপাড় চলছে রাজ্যের রাজনৈতিক মহলে।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে শমীক ভট্টাচার্য দাবি করেন, সংখ্যালঘু প্রধান এলাকাগুলিতেও এখন মানুষের মানসিকতার আমূল পরিবর্তন হচ্ছে। মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা কেন্দ্রের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “রেজিনগরে যে বিজেপি জিততে পারে, তা এখনও অনেকে বিশ্বাস করতে পারছেন না। আপনারা নিজেরাও হয়তো কিছুটা অবাক হচ্ছেন। কিন্তু সাধারণ মানুষের মনোভাব দ্রুত বদলে যাচ্ছে।” সংখ্যালঘু ভোটারদের বার্তা নিয়ে তাঁর সোজাসাপ্টা বক্তব্য, “শুধু সংখ্যাগুরু নয়, রেজিনগরের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরাও এখন উন্নয়নের পক্ষে সায় দিচ্ছেন। তাঁরা নিজের মুখে বলছেন, আমাদের কারখানা চাই, বাবরি মসজিদ নয়। তাঁরা কর্মসংস্থান ও শিল্পায়ন চান, কোনো বিভাজনের রাজনীতি চান না।” বিজেপি সভাপতি স্পষ্ট দাবি করেছেন যে, রেজিনগরে তাঁদের প্রার্থী এবার নিশ্চিতভাবে জয় ছিনিয়ে আনবেন।

রেজিনগরের পাশাপাশি রাজ্যের সবচেয়ে হাইপ্রোফাইল কেন্দ্র নন্দীগ্রামের উপনির্বাচন নিয়েও বড় দাবি করেছেন শমীক ভট্টাচার্য। বিগত সাধারণ নির্বাচনে নন্দীগ্রামে বিজেপি যে ব্যবধানে জয়ী হয়েছিল, এবার সেই রেকর্ড ভেঙে তছনছ হয়ে যাবে বলে তাঁর দাবি। শমীকবাবুর কথায়, “বিগত নির্বাচনের তুলনায় এবার নন্দীগ্রামে বিজেপির জয়ের মার্জিন অন্তত ৫ গুণ বেশি হবে। অত্যন্ত সুবিধাজনক ব্যবধানে আমাদের প্রার্থীরা দুই আসনেই জয়ী হতে চলেছেন।”