প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-বাংলার রাজনীতিতে একটা কথা খুব প্রচলিত— ‘লঙ্কায় যে যায়, সেই রাবণ হয়।’ দীর্ঘ ৩৪ বছরের বাম জমানা পেরিয়ে ১৫ বছরের তৃণমূল শাসন, আর তারপর ২০২৬-এ ঐতিহাসিক পালাবদলের হাত ধরে বাংলার মসনদে বিজেপি। মানুষ চেয়েছিল ‘পরিবর্তন’, চেয়েছিল প্রশাসনিক নিরপেক্ষতা আর শাসকের দাদাগিরি থেকে মুক্তি। কিন্তু ক্ষমতায় আসার মাত্র কয়েক মাসের মধ্যেই কি বঙ্গ বিজেপির নিচুতলার একাংশের মাথায় ক্ষমতার পারদ চড়তে শুরু করেছে? নাকি পুরনো বোতলেই নতুন মদ ঢালা হচ্ছে? শুক্রবার রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যের একটি চাঁচাছোলা, তীক্ষ্ণ এবং চরম আত্মসমালোচনামূলক মন্তব্য রাজ্য রাজনীতিতে রীতিমতো ভূমিকম্প ঘটিয়ে দিয়েছে। কোনো ভণিতা না করে, দলের অন্দরের কঙ্কালটাকে প্রকাশ্যে এনে শমীক এদিন সোজাসাপ্টা বললেন— “কিছু কিছু জায়গায় পুলিশ মনে করছে তারা বিজেপির মণ্ডল সভাপতি। আবার কোনও কোনও মণ্ডল সভাপতিও ভাবছেন পুলিশ আমার কথাতেই চলবে। এসব চলবে না।”

শমীক ভট্টাচার্যের এই একটি বাক্যের মধ্যেই লুকিয়ে রয়েছে বর্তমান বঙ্গ বিজেপির সবচেয়ে বড় সংকট এবং গভীর আত্মসমালোচনার জায়গাটি। যে দল বিগত দেড় দশক ধরে তৃণমূলের ‘পুলিশরাজ’, ‘তোলাবাজি’ আর ‘পাড়ার দাদাদের’ বিরুদ্ধে গলা ফাটিয়েছে, সেই দলেরই একশ্রেণির মণ্ডল সভাপতি বা নিচুতলার নেতা আজ নিজেদের এলাকায় ‘ছোটখাটো জমিদার’ ভাবতে শুরু করেছেন! রাজনৈতিক মহলের একাংশের প্রশ্ন, যে ‘সিন্ডিকেট’ আর ‘দলতন্ত্র’-কে উপড়ে ফেলার প্রতিশ্রুতি দিয়ে বিজেপি নবান্ন দখল করল, আজ তাদেরই নিচুতলার একাংশ যদি থানার ওসি-কে নিজের পকেটের লোক বলে মনে করেন, তবে সাধারণ মানুষ যাবেন কোথায়? ক্ষমতার এই চোরাবালি যে কতটা ভয়ঙ্কর, তা বিলক্ষণ বুঝতে পারছেন শমীক ভট্টাচার্য। তাই জল মাথার ওপর দিয়ে যাওয়ার আগেই তিনি নিজের দলের কর্মীদের আয়নার সামনে দাঁড় করিয়ে বুঝিয়ে দিলেন—উর্দি কোনো মণ্ডল সভাপতির ব্যক্তিগত সম্পত্তি নয়।

সমালোচনাটা কেবল একতরফা নয়। শমীকের নিশানায় রয়েছে পুলিশ প্রশাসনের একাংশও। বাংলার পুলিশ প্রশাসনের একটি বড় অংশের বিরুদ্ধে বরাবরই অভিযোগ ওঠে—তাঁরা নাকি হাওয়ার গতি বুঝে গিরগিটির মতো রঙ বদলান। আগে যাঁরা ‘দিদি’র অনুপ্রেরণায় চলতেন, আজ তাঁদেরই একাংশ অতি-উৎসাহী হয়ে ‘বিজেপির মণ্ডল সভাপতি’র ভূমিকা পালন করতে চাইছেন! শমীক ভট্টাচার্য অত্যন্ত সূক্ষ্মভাবে প্রশাসনের এই চাটুকার শ্রেণিটিকেও কড়া বার্তা দিয়েছেন। পুলিশ যদি আইন ছেড়ে শাসকদলের কর্মী হয়ে উঠতে চায়, তবে আখেরে তা সরকারেরই ভাবমূর্তিকে কলঙ্কিত করবে।

ক্ষমতায় থাকলে সাধারণত শাসকদলের নেতারা ‘সব ঠিক আছে’ বলে ঢাক পেটান। নিজেদের দলের পচন বা নিচুতলার নেতাদের বাড়াবাড়িকে কার্পেটের তলায় লুকিয়ে রাখাই দস্তুর। কিন্তু শমীক ভট্টাচার্য যেভাবে প্রকাশ্যে নিজের দলের দুর্বল জায়গাটিতে আঙুল তুললেন, তা নিঃসন্দেহে নজিরবিহীন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বঙ্গ বিজেপির অন্দরে এখন দু’টি ধারা স্পষ্ট- একদল যাঁরা আদর্শ ও সুশাসনের কথা ভাবছেন, আর একদল যাঁরা ক্ষমতাকে ভোগের বস্তু হিসেবে দেখছেন। শমীক ভট্টাচার্যের এই কড়া দাওয়াই আসলে সেই দ্বিতীয় শ্রেণির নেতাদের উদ্দেশ্যে শেষ সতর্কবার্তা। যদি এখনই এই ‘মণ্ডল-রাজ’ এবং ‘পুলিশি অতিসক্রিয়তা’র রাশ টানা না যায়, তবে ২০২৬-এর এই ঐতিহাসিক জয় যে আগামী দিনে বুমেরাং হয়ে ফিরবে, তা বলাই বাহুল্য।