প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- আগামী বুধবার রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সামনেই বিধানসভা নির্বাচন। স্বাভাবিক ভাবেই তার বাংলায় আসার খবর পেয়ে বিজেপি কর্মীরা উজ্জীবিত। বিভিন্ন মহল থেকে অনেকে বলছিলেন যে, এবার অমিত শাহ সংগঠনিক বৈঠক করতে পারেন। কিন্তু না, সেরকম কোনো বৈঠক তিনি এবার করছেন না। তিনি কলকাতায় নামার পর সরাসরি চলে যাবেন মায়াপুরের ইসকন মন্দিরে। আর সেখানেই তার যে কর্মসূচি রয়েছে, সেই কর্মসূচির মধ্যে দিয়ে সনাতনী সমাজ অত্যন্ত উজ্জীবিত হবে বলেই মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। এক্ষেত্রে সনাতনী সম্প্রদায়ের যে সমস্ত সাধুগুরু, বৈষ্ণব রয়েছেন, তাদের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। আর ভোটের আগে অমিত শাহের এই সফর যে সনাতনীদের আরও ঐক্যবদ্ধ করবে এবং বিজেপির পক্ষে যে সমর্থন এনে দেবে, সেই সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরাও।

২৬ এর বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই বঙ্গ রাজনীতিতে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। বিজেপি খুব ভালো মতই নিজেদের ঘর গোছাতে শুরু করেছে। তাদের একটাই টার্গেট, পশ্চিমবঙ্গ দখল। আর সেই টার্গেটের লক্ষ্যে রাজ্য নেতৃত্বকে আরও বেশি করে কাজ করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব। এমনকি ঘনঘন এই বাংলায় প্রধানমন্ত্রী থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফরের মধ্যে দিয়েই স্পষ্ট হয়ে যাচ্ছে যে, এবার বিজেপি বাংলা নিয়ে ঠিক কতটা সিরিয়াস। আর এসবের মধ্যেই আগামী বুধবার ফের রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যেখানে মায়াপুরে একটি কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে তার। আর সেই কর্মসূচি সম্পর্কেই এবার বড় মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। আর সেখানেই তিনি বলেন, “মাননীয় গৃহমন্ত্রী আসবেন। মায়াপুরে গৌড়ীয় মঠ সম্প্রদায় এবং অন্যান্য যে সমস্ত সম্প্রদায় রয়েছেন, সেই সাধুগুরু, বৈষ্ণবদের সঙ্গে তিনি বসবেন। মাননীয় অমিত শাহজীর বহুদিনের ইচ্ছে ছিলো, এই রকম বসার। এর আগেও তিনি একবার আসতে চেয়েছিলেন। কিন্তু সেই সময় একটা বড় দুর্ঘটনা ঘটে যায়। যার কারণে আসতে পারেননি। কাজেই মাননীয় গৃহমন্ত্রী আসলে অত্যন্ত ভালো হবে। কারণ মায়াপুরে আর কিছুদিনের মধ্যেই বিশ্বের সর্ববৃহৎ মন্দির শুরু হতে চলেছে। কাজেই অমিত শাহজী এলে বাংলার যে সনাতনী সমাজ, তাদের আত্মবিশ্বাস এবং মনোবল বাড়বে।”