প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সম্প্রতি বেশ কিছুদিন ধরে জল্পনা ছড়িয়ে পড়েছিল যে, পশ্চিমবঙ্গে এবার এক দফায় ভোট হতে পারে। কেন এই জল্পনা ছড়িয়ে পড়েছিল? তার কারণ, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর এই বিষয়টি যে দিল্লির জাতীয় নির্বাচন কমিশনের কাছে জানাবে, সেই খবর আসতে শুরু করে বিভিন্ন মহলে। আর তার পরিপ্রেক্ষিতেই মনে করা হয় যে, জাতীয় নির্বাচন কমিশন যদি এই প্রস্তাব মেনে নেয়, তাহলে পশ্চিমবঙ্গে এক দফায় ভোট ঘোষণা শুধুমাত্র সময়ের অপেক্ষা। ইতিমধ্যেই গতকাল সমস্ত রাজ্যের সিইওর সঙ্গে একটি বৈঠক করেছে জাতীয় নির্বাচন কমিশন। আর তারপর বেশ কিছু খবর সামনে এসেছে। ইতিমধ্যেই এসআইআরের শুনানির দিনক্ষণ বৃদ্ধি পেয়েছে। আগামী ২৮ তারিখ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে। আর তারপরেই ভোটের দিন ঘোষণা হবে, এটা নিশ্চিত। এখন সব থেকে বড় প্রশ্ন যে, বাংলায় কবে হবে ভোট? আর সেই নির্বাচন কি একদিনেই হবে? নাকি দফা বাড়াবে নির্বাচন কমিশন?

সম্প্রতি একটা বিষয় নিয়ে যে চর্চা শুরু হয়েছিল যে, বাংলায় এক দফায় ভোট হয়ে যেতে পারে। অবশেষে সেই ব্যাপারে একটা বড় খবর সামনে এলো। যেখানে রাজ্যের সিইও দপ্তর এই এক দফায় ভোটের জন্য প্রস্তুত বলেই জানা গিয়েছিল। কিন্তু এক দফায় ভোট যে পশ্চিমবঙ্গে সম্ভব নয়, তা রাজ্যের সিইও দপ্তরকে জানিয়ে দিলো জাতীয় নির্বাচন কমিশন। এক্ষেত্রে স্পর্শকাতর এবং অতি স্পর্শকাতর বুথকে চিহ্নিত করার পরেই পশ্চিমবঙ্গে ভোটের দফা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেই খবর পাওয়া যাচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, পশ্চিমবঙ্গে যদি এক দফায় ভোট হয়, তাহলে হিংসা অনেকটাই কমানো সম্ভব হবে। তবে নির্বাচন কমিশন সব দিক দেখে নিতে চাইছে। কেননা এক দফায় ভোট করলেই তো হবে না। এক্ষেত্রে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়ন করা সম্ভব হবে কিনা, সেটাও একটা আলোচনার বিষয়। তাই সমস্ত কিছু পর্যালোচনা করেই শান্তিপূর্ণ নির্বাচন করাতেই নির্বাচন কমিশন আপাতভাবে এক দফায় যে ভোট করার রাস্তায় তারা হাঁটছে না, তা সিইও দপ্তরকে জানিয়ে দিয়েছে। তবে শেষ পর্যন্ত দফা বৃদ্ধি হলে তা কয় দফায় গিয়ে দাঁড়ায় এবং কবে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়, সেদিকেই নজর থাকবে সকলের।